প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রশাসনিক নিরপেক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলার এক তাৎপর্যপূর্ণ নিদর্শন দেখা গেল উত্তরবঙ্গের শিলিগুড়িতে। বিগত বছরগুলোতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকশিবিরের নাম ভাঙিয়ে তোলাবাজি বা সিন্ডিকেটের অভিযোগ উঠলে যেখানে পুলিশি নিষ্ক্রিয়তা ও অভিযুক্তদের আড়াল করার অভিযোগ উঠত বলে রাজনৈতিক মহলে চর্চা হতো, শিলিগুড়ির সাম্প্রতিক ঘটনায় দেখা গেল ঠিক তার উল্টো ছবি। নিজের দলের কর্মী ও পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠামাত্রই কোনো রকম আড়াল না করে কড়া আইনি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করল পুলিশ ও শাসকদল বিজেপি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে শিলিগুড়ির তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকায় অসমগামী একটি চাল বোঝাই ট্রাক আটকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। ট্রাক চালকের লিখিত অভিযোগ অনুযায়ী, কয়েকজন যুবক গাড়ি থামিয়ে নথিপত্র পরীক্ষার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করেন এবং চালককে হেনস্থা করেন। এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটরের ভাই সঞ্জয় বিশ্বাস ও তাঁর সঙ্গীদের নাম জড়িয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ঘটনার বিষয়টি নজরে আসতেই ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় নিজে নিউ জলপাইগুড়ি থানায় যোগাযোগ করেন। দলের পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়ে তিনি পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এরপরই অভিযানে নেমে অভিযোগের ভিত্তিতে বিজেপি যুব মোর্চার দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিলিগুড়ি সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সম্পাদক সঞ্জয় বিশ্বাসকে তাঁর পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

ওয়াকিবহাল মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, যেকোনো রাজনৈতিক দলেই সুযোগসন্ধানীদের অনুপ্রবেশের আশঙ্কা থাকে। কিন্তু প্রশাসনের প্রকৃত সদিচ্ছা প্রমাণিত হয় তখনই, যখন দলীয় পরিচয় নির্বিশেষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পর্যবেক্ষকদের মতে, বিগত জমানায় বিভিন্ন সময়ে তোলাবাজি বা কাটমানির অভিযোগ নিয়ে বিরোধীরা বারবার প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রশ্ন তুলতেন। সেই তুলনায় শিলিগুড়ির এই ঘটনায় খোদ বিধায়কের সক্রিয়তা, পুলিশের দ্রুত গ্রেফতারি এবং দলের তাৎক্ষণিক সাসপেনশন জনমানসে ‘আইনের শাসন’ ও ‘জিরো টলারেন্স’ নীতির এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।