প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পাহাড়-তরাই-ডুয়ার্সের দীর্ঘদিনের রাজনৈতিক জট কাটাতে এবং একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে এক নজিরবিহীন পদক্ষেপ নিল কেন্দ্র ও রাজ্য সরকার। আজ, শনিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন সুকনার এক রিসোর্টে পাহাড়ের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে এক হাইপ্রোফাইল রুদ্ধদ্বার বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠক শেষে পাহাড়ের বঞ্চনা ও দীর্ঘদিনের সমস্যার ‘সাংবিধানিক স্থায়ী রাজনৈতিক সমাধানের’ (Permanent Political Solution) এক মস্ত বড় আশ্বাস মিলেছে। এই হাইপ্রোফাইল মেগা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং পাহাড় বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা। এছাড়াও ছিলেন দার্জিলিং লোকসভার বিজেপি সাংসদ রাজু বিস্তা, পাহাড়ের চারজন বিজেপি বিধায়ক এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং ও সাধারণ সম্পাদক রোশন গিরি। উপস্থিত ছিলেন জিএনএলএফ (GNLF) সুপ্রিমো মন ঘিসিং-ও।
বৈঠক শেষে গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক বিরাট সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের স্পষ্ট আশ্বস্ত করেছেন যে, পাহাড়ের স্থায়ী সমস্যার যে সমাধানই বের করা হবে, তা সম্পূর্ণ সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই করা হবে।” তিনি আরও জানান, পাহাড়ের স্থায়ী সমাধানের লক্ষ্যে এর আগেই কেন্দ্র সরকার কর্তৃক মনোনীত বিশেষ মধ্যস্থতাকারী (Interlocutor) তথা প্রাক্তন ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে নতুন কমিটির মাধ্যমে এই প্রক্রিয়াকে চূড়ান্ত গতি দেওয়া হচ্ছে। এই কমিটি পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে সমাধানের সুনির্দিষ্ট রূপরেখা তৈরিতে কাজ করবে।
বিগত কয়েক দশক ধরে দার্জিলিং পাহাড় ও ডুয়ার্স অঞ্চল পৃথক রাজ্যের দাবি বা আঞ্চলিক স্বায়ত্তশাসনের নানা জটিলতায় ভুগেছে। নির্বাচনী প্রতিশ্রুতির মর্যাদা দিয়ে পাহাড়ের গোর্খা সম্প্রদায় ও স্থানীয় বাসিন্দাদের আবেগকে সম্মান জানিয়েই এই সাংবিধানিক স্থায়ী সমাধান সূত্র বের করা হবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্র ও রাজ্য যৌথভাবে পাহাড়ের জন্য এক যুগান্তকারী অর্থনৈতিক ও রাজনৈতিক মাস্টারপ্ল্যান নিয়ে আলোচনা করেছে, যা পাহাড়ের আমূল পরিবর্তন ঘটাবে।
পাহাড়ের রাজনৈতিক নেতৃত্বদের সাথে এই বৈঠকের পরপরই এদিন শিলিগুড়িতে দেশের সুরক্ষার স্বার্থে অত্যন্ত কৌশলগত এবং সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডোর’ (Chicken’s Neck Corridor) এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বিএসএফ (BSF), এসএসবি (SSB), আইবি (IB) ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সাথেও একটি পৃথক মেগা পর্যালোচনা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।