প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। কারণ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে খবর পাওয়া গিয়েছিল। আর তাকেই সত্যি করে নির্ধারিত সময় তিনি শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছিলেন। এমনকি কিছুক্ষণ আগেই তার মামলার শুনানিতে তিনি বক্তব্য রাখেন। আর সেই বক্তব্যের মধ্যেই একাধিক তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী যেখানে সরাসরি এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র নাম কাটার জন্য বলে অভিযোগ করেন তিনি। এমনকি এক্ষেত্রে নির্বাচন কমিশনের পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হয়েছে। আর সেখানেই প্রধান বিচারপতির অনুমতি নিয়ে বলতে শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি। এমনকি মাইক্রো অবজার্ভারদের বিরুদ্ধেও তার অভিযোগ তিনি তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, তড়িঘড়ি করে এই এসআইআর প্রক্রিয়া করে মানুষকে হয়রান করা হচ্ছে। এক্ষেত্রে প্রচুর মানুষের নাম ইচ্ছাকৃতভাবে কেটে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এদিন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এসআইআর প্রক্রিয়া শুধুমাত্র নাম কাটার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়িতে গেলেই নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গরিব মানুষ বাড়ি বদলালেই নাম কেটে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। যেটা করতে দুই বছর সময় লাগে, সেটা করতে দুই মাস সময় নিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে।” বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত বক্তব্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই এসআইআর নিয়ে সভা, সমিতিতে করতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই একই অভিযোগ আজ সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত আদালত কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।