প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে কি এক ঐতিহাসিক যুগের অবসান ঘটল? জল্পনাই সত্যি হলো। রথযাত্রার পুণ্যলগ্নে খুঁটিপুজো হতেই লেকটাউনের বিখ্যাত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্দরে দেখা গেল এক নজিরবিহীন পরিবর্তনের প্রতিচ্ছবি। গত দেড় দশক ধরে যাঁর নাম ও রাজনৈতিক প্রতিপত্তির সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল এই হাই-প্রোফাইল পুজো, সেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবার সম্পূর্ণ অনুপস্থিত। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জেলবন্দি। আর তাঁর এই অনুপস্থিতিতেই দীর্ঘ ১৫ বছর পর সুজিত-ঘনিষ্ঠদের ছেঁটে ফেলে এক ধাক্কায় ভোল বদলে ফেলল শ্রীভূমি পুজো কমিটি!
খুঁটিপুজোর দিনই উদ্যোক্তারা স্পষ্ট করে দিয়েছেন, ২০২৬ সালের দুর্গাপুজোয় কোনো রাজনৈতিক ছায়া বা ব্যক্তি-বিলাসিতা থাকবে না। এতদিন যে পুজোকে সাধারণ মানুষ ‘সুজিত বসুর পুজো’ বলে চিনত, তা এবার রূপান্তরিত হতে চলেছে খাঁটি ‘অধিবাসীবৃন্দের বারোয়ারি পুজোয়’। এবার পুজোর মূল রাশ তুলে দেওয়া হয়েছে স্থানীয় মহিলাদের হাতে।কমিটির এই খোলনলচে বদলে যাওয়ার সাথে সাথেই একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে, যা পুজোপ্রেমীদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট।
পুজো কমিটির নতুন মন্ত্র— “আগে উৎসব হতো, এবার হবে নিখাদ মাতৃ আরাধনা”। কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতার প্রচারের আলো নয়, মণ্ডপ সাজবে সম্পূর্ণ অরাজনৈতিক আবহে। অতীতে মহালয়ার দিন থেকেই চোখধাঁধানো উদ্বোধন করে ভিড় টানার যে ধারা ছিল, এবার তা সম্পূর্ণ বাতিল। শাস্ত্রীয় নিয়ম মেনে পিতৃপক্ষ কাটিয়ে দেবী পক্ষে, অর্থাৎ চতুর্থী বা পঞ্চমীতেই মণ্ডপের দরজা খুলবে। প্রতি বছর শ্রীভূমির পুজোর জেরে ভিআইপি রোড থমকে যেত, এয়ারপোর্টগামী সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হতো। এবার সেই নিয়মেও রাশ টানা হচ্ছে। তিথি মেনেই দশমী বা একাদশীর মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করা হবে, মাসব্যাপী মণ্ডপ খোলা রাখার বিলাসবহুল সংস্কৃতিতে কোপ বসানো হচ্ছে। অতীতের রাজকীয় ভাব বজায় রাখলেও এবার সাবেকিয়ানাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। ২০২৬ সালের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে জয়পুরের বিখ্যাত ‘হাওয়া মহল’। তবে ডেকোরেশনের দায়িত্ব থেকে সুজিত-ঘনিষ্ঠ পুরনো সংস্থাকে সরিয়ে সম্পূর্ণ নতুন ডেকোরেটরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, সুজিত বসুর গ্রেফতারির পর শ্রীভূমির পুজো বন্ধ হওয়া তো দূর অস্ত, বরং দীর্ঘদিনের চেনা খোলস ছেড়ে সম্পূর্ণ এক নতুন, সুশৃঙ্খল ও জনমুখী রূপ নিয়ে কলকাতার বুকেই ইতিহাস গড়তে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখন দেখার, ‘সুজিত-হীন’ এই নতুন পুজো কমিটির পরিচালনা আপামর পুজোপ্রেমীদের মনে কতটা সাড়া জাগাতে পারে।