প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিরোধী আসনে থাকাকালীন রাজপথই ছিল ঠিকানা। কিন্তু ক্ষমতায় আসার পর কি সেই রাজপথের চেনা মাটির সঙ্গে দূরত্ব বাড়ছে গেরুয়া শিবিরের নেতাদের? শুক্রবার সল্টলেকের সাংগঠনিক বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের ঘোষিত ‘সেবাদূত’ কর্মসূচি ঘিরে রাজ্য রাজনীতিতে ঠিক এই প্রশ্নটাই জোরালো হয়ে উঠেছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর—টানা পঁচিশ দিন নেতাদের নিজের চেনা গণ্ডি ছেড়ে বাইরের এলাকায় গিয়ে জনসংযোগ করার যে নিদান দিল্লি দিয়েছে, তাকে আপাতদৃষ্টিতে সাধারণ কর্মসূচি মনে হলেও এর নেপথ্যে রয়েছে এক গভীর রাজনৈতিক সমীকরণ।
শুক্রবারের বৈঠকে সুনীল বনসল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে ‘সেবাদূত’ নামে এক বিশেষ জনসংযোগ অভিযান চালাবে দল। এই কর্মসূচির মূল শর্তই হলো—কোনো নেতা বা জনপ্রতিনিধি নিজের চেনা এলাকায় বা নিজের খাসতালুকে বসে এই কাজ করতে পারবেন না। তাঁদের যেতে হবে অন্য এলাকায়, মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে হবে এবং সংগঠনের হালহকিকত খতিয়ে দেখতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বনসলের এই কৌশলের পেছনে রয়েছে অত্যন্ত সুক্ষ্ম অঙ্ক। সাধারণত দেখা যায়, কোনো দল ক্ষমতায় আসার পর বিধায়ক বা স্থানীয় নেতারা নিজেদের এলাকায় একধরনের ‘নিরাপদ বলয়’ তৈরি করে ফেলেন। সেখানে অনুগামীদের ভিড়ে সাধারণ মানুষের প্রকৃত ক্ষোভ বা দলের নিচুতলার কর্মীদের অভিমান অনেক সময়ই চাপা পড়ে যায়। পর্যবেক্ষক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। নিজের এলাকার বাইরে গেলে নেতারা অনুগামীদের স্তাবকতা পাবেন না। বরং সাধারণ মানুষের সরাসরি প্রশ্নের মুখে পড়তে হবে। সরকারের ছয় মাসের কাজে মানুষ আদৌ কতটা খুশি, নাকি স্থানীয় স্তরে কোনো ক্ষোভ জমছে—তার নির্ভেজাল রিপোর্ট সরাসরি দিল্লির হাতে পৌঁছাবে। বিভিন্ন জেলায় নতুন ও পুরনো কর্মীদের মধ্যে যে চাপা টানাপোড়েন চলছে, স্থানীয় নেতারা অনেক সময়ই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠছে। ভিন এলাকার কোনো নেতা সেখানে পর্যবেক্ষক হয়ে গেলে, স্থানীয় সমীকরণের ঊর্ধ্বে উঠে প্রকৃত সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হবে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই কর্মসূচির সাফল্য নিয়ে সংশয়ের অবকাশও রয়ে গিয়েছে। অতীতেও দেখা গিয়েছে, এই ধরনের জনসংযোগ কর্মসূচিতে অনেক নেতা কেবল ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেই দায় সারেন। সরকার গড়ার পর যখন একশ্রেণির নেতার মধ্যে প্রশাসনিক দাপট দেখানোর প্রবণতা বাড়ছে, তখন তাঁরা সত্যিই ‘সেবাদূত’ হয়ে সাধারণ মানুষের দুয়ারে কতটা আন্তরিকভাবে পৌঁছাবেন, তা নিয়ে প্রশ্ন থাকছেই। রাজ্য নেতৃত্ব যদি এই পঁচিশ দিনের কর্মসূচির ওপর কড়া নজরদারি না রাখে, তবে দিল্লির এই ‘মাস্টারস্ট্রোক’ কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হতে পারে বলেই মনে করছেন শুভানুধ্যায়ী মহল।