প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে পালাবদলের ছয় মাস কাটতে না কাটতেই কি শাসক শিবিরের অন্দরে শৃঙ্খলার বাঁধন আলগা হতে শুরু করেছে? শুক্রবার সল্টলেকে বঙ্গ বিজেপির রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের কড়া বার্তা অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। দলের নির্দেশ অমান্য করলে এবং জনপ্রতিনিধিরা নিজেদের বদলে প্রতিনিধি পাঠিয়ে সাংগঠনিক দায় সারলে যে কঠোর শাস্তির মুখে পড়তে হবে, তা এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। আর বনসলের এই ‘কড়া দাওয়াই’-এর নেপথ্যেই লুকিয়ে রয়েছে বঙ্গ বিজেপির বর্তমান সাংগঠনিক সমীকরণের এক গভীর রাজনৈতিক বাস্তবতা।

শুক্রবার সল্টলেকের বৈঠকে দলের নেতা ও বিধায়কদের উদ্দেশে অত্যন্ত স্পষ্ট ভাষায় নিজের অসন্তোষ প্রকাশ করেন সুনীল বনসল। দলীয় সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে দলের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এবং নিজেরা না এসে প্রতিনিধি পাঠানোর প্রবণতায় তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর সাফ কথা, “দলীয় নেতৃত্বের নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।” জনপ্রতিনিধিদের যে সশরীরে দলের বৈঠকে উপস্থিত থাকতে হবে, তাও এদিন স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি, আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘সেবাদূত’ নামে এক মাসব্যাপী জনসংযোগ কর্মসূচির ঘোষণাও করেছে কেন্দ্রীয় নেতৃত্ব, যেখানে নেতাদের নিজের এলাকার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।

রাজনৈতিক মহলের মতে, গত ৪ মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দলের অন্দরে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর ক্ষমতার স্বাদ পেতেই একশ্রেণির নেতা-কর্মীর মধ্যে যে আত্মতুষ্টি ও ‘ক্ষমতার আলস্য’ তৈরি হয়েছে, তা আঁচ করতে পেরেছেন বনসলের মতো পোড়খাওয়া সংগঠক। তবে সমালোচনার জায়গাটা অন্যত্র—প্রশ্ন উঠছে, যে শৃঙ্খলার কথা আজ কেন্দ্রীয় পর্যবেক্ষককে মনে করিয়ে দিতে হচ্ছে, তা কি রাজ্য নেতৃত্বের নজরদারির অভাবেই তলানিতে ঠেকেছিল? বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই সমস্যার শিকড় আরও গভীরে। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এর আগে ‘অবাঞ্ছিত’ বা বিতর্কিত মুখদের দলে নেওয়ার বিষয়ে সতর্ক করলেও, স্থানীয় স্তরের কিছু নেতার মদতেই সেই যোগদান অব্যাহত রয়েছে। ফলে আদি কর্মীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও অভিমানই পরোক্ষভাবে সাংগঠনিক বৈঠকে অনীহা বা শৃঙ্খলাভঙ্গের রূপ নিচ্ছে। বিরোধী আসনে থাকাকালীন যে জেদ নিয়ে নেতারা বুথ স্তরে পড়ে থাকতেন, সরকার গড়ার পর সরকারি কাজকর্ম ও ব্যক্তিগত বলয় তৈরির দিকেই অনেকের ঝোঁক বেড়েছে। ফলে সংগঠন যে ক্রমশ প্রশাসনিক ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে, বনসলের ধমক সেটাই প্রমাণ করে দিল।

দলীয় শুভানুধ্যায়ী মহলের মতে, সুনীল বনসলের এই কঠোর অবস্থান আসলে দলের স্বাস্থ্যের পক্ষেই মঙ্গলজনক। সামনেই কলকাতা ও হাওড়া পুরসভার মতো গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে ঘর গোছাতে না পারলে এবং ‘দাদাগিরি’ বা গা-ছাড়া মনোভাব এখনই না থামালে, ক্ষমতায় এসেও যে সংগঠন দুর্বল হয়ে পড়বে, তা বিলক্ষণ জানেন দিল্লির নেতারা। তবে শুধু মুখে হুঁশিয়ারি দিয়েই কি চিঁড়ে ভিজবে, নাকি বাস্তবে সত্যিই কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে—এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।