প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আজ গোটা রাজ্যে তো বটেই, গোটা দেশবাসীর নজর রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। কারণ সেখানে কিছুদিন আগেই কয়লা পাচার মামলায় আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ইডির পৌঁছে যাওয়া এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং তারপর বেশ কিছু নথি নিয়ে বেরিয়ে আসার ঘটনায় তোলপাড় পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পৌঁছে যায় ইডি। ইতিমধ্যেই এর আগে একদিন শুনানি হয়েছে। আজ সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে আজ সুপ্রিম কোর্টে এই মামলার কি পরিণতি হয়, তার দিকে যখন সকলে নজর রয়েছে, ঠিক তখনই ফের এই কয়লা পাচার মামলায় নিজেদের তল্লাশি প্রক্রিয়া শুরু করে দিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যেখানে রাজ্যের একাধিক জায়গা তো বটেই, এমনকি দিল্লিতেও এই ব্যাপারে তল্লাশি চালানো হচ্ছে। আর সবথেকে বড় খবর যে, এই কয়লা পাচার মামলায় এবার রাজ্যের এক পুলিশকর্তার বাড়িতেও পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানিতে কি উঠে আসে, কি বলে দেশের শীর্ষ আদালত, কোন পক্ষের অস্বস্তি বাড়ে, তা নিয়ে সকলে উদগ্রীব হয়ে রয়েছেন। আর তার মধ্যেই যে কয়লা পাচার মামলা নিয়ে এত টালমাটাল পরিস্থিতি, সেই কয়লা পাচার নিয়েই নিজেদের তল্লাশি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল থেকেই দুর্গাপুর, আসানসোল, বর্ধমান সহ বিভিন্ন জায়গায় তারা তল্লাশি শুরু করেছে। এক্ষেত্রে রাজ্যের এক পুলিশ কর্তা, যিনি বর্তমানে বুদবুদ থানার ওসি, সেই মনোরঞ্জন মন্ডলের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। আর এই খবর সামনে আসার পরেই রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ করে এই পুলিশকর্তার বাড়িতে কেন পৌঁছে গেল ইডি? তাহলে কি তাদের কাছে সুনির্দিষ্ট কোনো খবর রয়েছে? যতদূর খবর পাওয়া যাচ্ছে যে, ২০২৪ সালে বারাবনি থানার ওসি ছিলেন এই মনোরঞ্জন মন্ডল। তার বিরুদ্ধে সেই সময় বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল। পরবর্তীতে তিনি সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু সম্প্রতি তিনি বুদবুদ থানার ওসি হয়েছেন, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে এই পুলিশ কর্তার বিরুদ্ধে কয়লা পাচারে যোগ থাকার মত কিছু খবর রয়েছে। আর তার ভিত্তিতেই তারা তার বাড়িতে আজ হানা দিয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।