প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মিড-ডে মিলের পুষ্টি ও নতুন বণ্টন পরিকাঠামো নিয়ে বিরোধীদের সস্তা রাজনীতির আজ তীব্র অবসান ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, ১ আগস্ট (শনিবার) দুপুরে কলকাতার তারাতলায় ইসকন পরিচালিত ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর অত্যাধুনিক মেগা স্মার্ট কিচেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ফিতে কেটে এই কর্মসূচির সূচনা করার পর সেখানে আয়োজিত যজ্ঞেও অংশ নেন তিনি। আর এই উদ্বোধনী মঞ্চ থেকেই বিরোধীদের কড়া বার্তা দিয়ে এক নজিরবিহীন দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী।কলকাতার সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলিতে ইসকনের মাধ্যমে মিড-ডে মিলের পুষ্টিকর সাত্ত্বিক আহার সরবরাহের সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিরোধীরা ‘ডিম বাতিল’ ও ‘রাঁধুনিদের চাকরি যাওয়া’ নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছিল। আজ সেই আন্দোলনের ঝাঁঝ এক লহমায় ধুয়ে দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মাধ্যমে সপ্তাহে আলাদা করে ২ দিন প্রতিটি শিশুকে সেদ্ধ ডিম দেওয়ার পাকাপোক্ত ব্যবস্থা আজ থেকেই কার্যকর হচ্ছে।

বিরোধীদের রাস্তায় নেমে অযথা বিভ্রান্তি না ছড়িয়ে সরাসরি আলোচনার টেবিলে আসার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। গণতন্ত্রে গঠনমূলক সমালোচনার প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি আজ বলেন, “সমালোচনা থাকা ভাল, বিরোধীদের উপস্থিতি থাকা দরকার।” তবে স্রেফ রাজনৈতিক স্বার্থে উস্কানি ছড়ানোর মানসিকতাকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন, “আমার সঙ্গে কথা বললে লজ্জা পেলে আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন।”

মুখ্যমন্ত্রীর এই বার্তার অন্তর্নিহিত অর্থ অত্যন্ত স্পষ্ট—কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকলে বা তথ্যগত খামতি থাকলে বিরোধীরা নবান্নে এসে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উচ্চপদস্থ আইএএস (IAS) বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করতে পারেন, রাস্তায় নেমে সস্তা মাইলেজ নেওয়ার কোনো প্রয়োজন নেই।”

আজকের উদ্বোধনী মঞ্চ থেকে মিড-ডে মিলের রাঁধুনিদের কাজ চলে যাওয়ার গুজবও পুরোপুরি উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ঘোষণা করেন, “আমি মিছিলকারীদের উদ্দেশে বলি, একজনও রাঁধুনি মা-দিদি-বোন কর্মচ্যূত হবেন না।” বরং ইসকনের খাবার প্রস্তুত ও পরিবেশন পরিকাঠামোয় তাঁদের যুক্ত করা হবে এবং তাঁদের মাসিক ভাতাও বাড়িয়ে ৩,০০০ টাকা করা হচ্ছে।

বিরোধীদের তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী কড়া সুরে বলেন, “প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন! আশা করি বিরোধীরা এবার মুখ বন্ধ রাখবেন, আপনারা হিংসার রিপুটা দমন করবেন।” রাজনৈতিক মহলের মতে, আজ মুখ্যমন্ত্রী এই বার্তা দিয়ে বিরোধীদের আন্দোলনের হাতিয়ারকেই পুরোপুরি ভোঁতা করে দিলেন।