প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনীতির ভরকেন্দ্র এবার দক্ষিণ ২৪ পরগনা। আগামী শনিবার ডায়মন্ড হারবার দিয়ে নিজের জেলা সফর শুরু করছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মসনদে বসার পর এই প্রথম কোনো জেলায় প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, প্রথম সফরেই ডায়মন্ড হারবারকে বেছে নিয়ে মুখ্যমন্ত্রী এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিতে চলেছেন।
শনিবার ডায়মন্ড হারবারে জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে একটি হাই-প্রোফাইল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। নতুন মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তর এবং জেলা পুলিশ প্রশাসনের অন্দরে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।
প্রশাসনিক বৈঠকের পাশাপাশি ওই দিনই ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত ফলতায় একটি বিশাল কর্মীসভায় যোগ দেবেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক জয়ের পর এই অঞ্চলে এটিই তাঁর প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। ফলে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিদায়ী শাসকদলের সাংসদের খাসতালুক বলে পরিচিত ডায়মন্ড হারবার থেকে সফর শুরু করে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে, রাজ্যের প্রতিটি প্রান্তের উন্নয়ন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ সুনিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।