প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনীতি করতে গিয়ে তৃণমূলের নেতারা যে শালীনতার মাত্রা অতিক্রম করে যায়, তা অতীতেও দেখা গিয়েছে। বারবার করে তারা ক্ষমতার দম্ভে এমন কিছু কথা বলতে শুরু করেন বিরোধী নেতাদের উদ্দেশ্যে, যা সত্যিই পশ্চিমবঙ্গের সংস্কৃতির পরিপন্থী। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশলের কাছে না পেরে তৃণমূলের দলনেত্রী থেকে শুরু করে তাদের নেতা-নেত্রীরা মাঝেমধ্যেই বেলাগাম মন্তব্য করে বসেন। তবে এবার রীতিমত সীমা ছাড়িয়ে শুভেন্দু অধিকারীর মাতৃদেবীকে নিয়ে যে মন্তব্য করেছেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান, তাতে লজ্জিত মহিলা সমাজ। শুধু বিজেপি নেতা কর্মীরা নয়, একজন তৃণমূল নেতার মুখ থেকে এই ধরনের ভাষা যে শোভা পায় না এবং এর বিরুদ্ধে যে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তা না হলে যে এদের প্রশ্রয় আরও বাড়বে, সেই দাবি উঠেছিল জনসাধারণের পক্ষ থেকেই। আর এবার সেই তৃণমূল নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা।

একসময় পশ্চিমবঙ্গকে দেখে পথ চলতো গোটা ভারতবর্ষ। কিন্তু বর্তমানে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে যে পর্যায়ে পৌঁছে দিয়েছে বর্তমান শাসক দল, তাতে বাংলার একের পর এক ঘটনা গোটা দেশের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি বাংলায় একসময় যে রাজনৈতিক সংস্কৃতি ছিলো তৃণমূলের সরকারের আমলে, বর্তমানে বিরোধী দলের নেতাদের সৌজন্য দেখানো তো দূরের কথা, উল্টে রাজনৈতিক মঞ্চ থেকেও তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও জড়িয়ে যে আক্রমণ করতে দেখা যায় তৃণমূল নেতাদের, তা সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছুদিন আগেই নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান শুভেন্দু অধিকারীর মাতৃদেবী গায়ত্রী অধিকারীকে নিয়ে একটি কটুক্তি মূলক মন্তব্য করেন। “পাকিস্তানে জন্ম” এরকম সংক্রান্ত কথা বলে রীতিমত বিতর্কের মুখে পড়ে যান তিনি। আর এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বড় পদক্ষেপ গ্রহণ করলো বিজেপি মহিলা মোর্চা।

কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর মাকে কটুক্তির অভিযোগে আজ তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। এক্ষেত্রে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। যেভাবে শুভেন্দুবাবুর বৃদ্ধা মাকে কটুক্তি করা হয়েছে, তাতে তিনি মানসিকভাবে ভেঙে পেরেছেন বলেই দাবি করেছেন মহিলা মোর্চার নেত্রীরা। তাই অবিলম্বে অভিযুক্ত এই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। তবে পুলিশ যদি এক্ষেত্রেও পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আগামী দিনে যে বিজেপির মহিলা মোর্চার নেতা কর্মীরা বড় পদক্ষেপ গ্রহণ করবেন, সেই কথাও জানিয়ে দিয়েছেন বিজেপি নেত্রী মিনতি পাল। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এই অভিযোগ দায়েরের পর পুলিশ পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।