প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নদীয়ার কালীগঞ্জে রাজনৈতিক বিজয় মিছিল থেকে হওয়া বোমাবাজিতে চতুর্থ শ্রেণীর ছাত্রী, ছোট্ট তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তদন্তের গতি এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিল পুলিশ। প্রশাসনের সর্বোচ্চ মহলের কড়া বার্তার পর এই হাইপ্রোফাইল মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সরকারি আইনজীবী (Special PP) হিসেবে নিয়োগ করা হয়েছে বিভাস চট্টোপাধ্যায়কে। আর তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকেই খোলনলচে বদলে গেছে তদন্তের রণকৌশল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, “তামান্নার জন্য বিচার পাওয়া আমাদের অগ্রাধিকার” এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কাউকেই রেয়াত করা হবে না।
ঘটনার ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ মজবুত করতে এবার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে পুলিশ। তদন্তকারীরা ড্রোন উড়িয়ে অপরাধস্থলের নিখুঁত ম্যাপিং ও ভিডিওগ্রাফি করেছেন। মিছিলের ঠিক কোন জায়গা থেকে বোমা ছোঁড়া হয়েছিল এবং ঠিক কোথায় তামান্নার নিথর দেহ উদ্ধার হয়— প্রযুক্তির সাহায্যে সেই সম্পূর্ণ রুটের একটি ডিজিটাল ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, যা আদালতে অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। এদিকে নবান্নের কড়া নির্দেশের পর পুলিশি অভিযানে এসেছে বড় সাফল্য। এফআইআর (FIR)-এ নাম থাকা মূল ২৪ জন অভিযুক্তের প্রত্যেককেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রথম দফার পর বাকি থাকা পলাতক অভিযুক্তদের ধরতেও গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালিয়ে জাল গোটায় পুলিশ।
আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিহত তামান্নার বাড়ি যান নতুন স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে আশ্বস্ত করেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ান এবং ড্রোনের সংগৃহীত ছবির মেলবন্ধন ঘটিয়ে একটি নিখুঁত চার্জশিট খুব দ্রুত আদালতে পেশ করা হতে চলেছে।