প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় স্তরের পরিচ্ছন্নতা মানচিত্রে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের আয়োজিত দশম সংস্করণের ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬’ (Swachh Survekshan 2025-26) সমীক্ষায় পশ্চিমবঙ্গের সেরা পরিচ্ছন্ন শহরের শিরোপা জিতে নিয়েছে হুগলি জেলার ঐতিহ্যবাহী শৈবতীর্থ তারকেশ্বর। সারা দেশের মোট ৪ হাজার ৭৫১টিরও বেশি শহরের এই বৃহৎ মূল্যায়নে পশ্চিমবঙ্গের অংশগ্রহণকারী ১৩০টি পুরশহরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে তারকেশ্বর পুরসভা। গতকাল, ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘অ্যাওয়ার্ডি সিটি’ (Awardee City)-র এই সম্মাননা গ্রহণ করেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর এবং প্রতিমন্ত্রী তোখন সাহু।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিগত সরকারের আমলে টানা প্রায় ১০ বছর কেন্দ্রীয় সরকারের এই বার্ষিক ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ সমীক্ষায় অংশগ্রহণ করেনি পশ্চিমবঙ্গ। ফলে পরিচ্ছন্নতা এবং নাগরিক পরিষেবার নিরিখে দেশের অন্যান্য রাজ্যের শহরগুলির তুলনায় বাংলা কোথায় দাঁড়িয়ে রয়েছে, তার কোনো মূল্যায়নই হচ্ছিল না। রাজ্যে নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পরই এই নীতি বদলানো হয়। সমীক্ষার সময়সীমা শেষ হয়ে আসার মুখে রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে বাংলার ১৩০টি শহরকে এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়।
এবারের ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এর মূল থিম ছিল— ‘স্বচ্ছতা কি নয়ি পহেল – বাড়ায়ে হাত, করে সাফাই সাথ’। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের দল ১০টি মূল ক্ষেত্রের অধীনে ৪৩টি সূচক এবং সার্বিকভাবে ১৫০টিরও বেশি কঠোর মাপকাঠির ওপর ভিত্তি করে শহরগুলির পরিচ্ছন্নতা যাচাই করেছে। শ্রাবণী মেলার মতো বিশাল জনসমাগমের পরেও মন্দির চত্বর ও গোটা শহরকে আবর্জনামুক্ত রাখা। বাড়ি বাড়ি থেকে সঠিক পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ। উন্নত নিকাশি ব্যবস্থা এবং জনসচেতনতা বৃদ্ধি। এই প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের বাকি ১২৯টি শহরকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে তারকেশ্বর।
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই সাফল্য তারকেশ্বরের সাধারণ মানুষ এবং পুরসভার সাফাই কর্মীদের উৎসর্গ করেন। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে তিনি জানান, “এই সম্মান শুধু তারকেশ্বরের নয়, বরং সমগ্র বাংলার মানুষের জয়। বিগত ১০ বছর বাংলাকে এই জাতীয় প্রতিযোগিতা থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আমাদের সরকার আসার পর দ্রুত পদক্ষেপ নিয়ে ১৩০টি শহরকে এই সমীক্ষায় যুক্ত করা হয়। সঠিক পরিকল্পনা এবং নাগরিকদের সক্রিয় সহযোগিতা থাকলে বাংলার শহরগুলিও যে দেশের সেরা শহরগুলির সাথে সমান তালে পাল্লা দিতে পারে, তারকেশ্বর তা প্রমাণ করে দিল।”