প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রবীন্দ্র সদনের মঞ্চে প্রখ্যাত কবি জয় গোস্বামীকে দর্শকদের একাংশের আপত্তির মুখে ফিরে যেতে বাধ্য করার ঘটনায় এবার সরাসরি মুখ খুললেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শনিবার সন্ধ্যার ওই নজিরবিহীন বিশৃঙ্খলার পর রবিবার এক সাংবাদিক বৈঠক করেন লেখিকা। সেখানে এই ঘটনা নিয়ে নিজের তীব্র ক্ষোভ, হতাশা ও দুঃখ উগরে দিয়ে তসলিমা সাফ জানান, এই ঘটনায় শুধু কবিকেই অপমান করা হয়নি, ওটা আদতে তাঁর নিজেরও চরম অপমান!

শনিবারের ঘটনার প্রেক্ষিতে তসলিমা নাসরিন অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন, “আমার যে ভাষণ ছিল, তাতে তো আমি বাকস্বাধীনতার কথাই বলেছিলাম। ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু কথা বন্ধ করে দেওয়া উচিত নয়। তা হলে ওই সময় কি মঞ্চে তাদের মধ্যে তারা ছিলেন যাঁরা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তা হলে তো এটা দু’রকম হয়ে গেল।”

তসলিমা আরও যোগ করেন, “একজন মতপ্রকাশের অধিকারকে সমর্থন করছে, তারাও সমর্থন করছেন। পরক্ষণেই আবার আরও একজনকে মঞ্চে উঠতে দেওয়া হলো না। আমার তো খারাপ লাগবেই। এতে শুধু কবিকেই অপমান করা হয়নি, আমিও অপমানিত। কারণ, জয়কে মঞ্চে তো আমি নিজেই ডেকেছিলাম।”

তসলিমা তাঁর বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছেন যে, বাকস্বাধীনতার সওয়াল করার মঞ্চেই যদি অন্য একজন কবির মুখ বা উপস্থিতি এভাবে বন্ধ করে দেওয়া হয়, তবে সেই আচরণের কোনো যৌক্তিকতা থাকে না। ভিন্ন মতাদর্শ বা রাজনৈতিক অবস্থান যা-ই থাক না কেন, প্রকাশ্য অনুষ্ঠানে একজন প্রবীণ সাহিত্যিককে এভাবে বাধা দেওয়া যে মুক্তমনা ভাবমূর্তির পরিপন্থী, সেটাই মনে করিয়ে দিয়েছেন লেখিকা। তসলিমার এই কড়া বয়ান বর্তমানে বাংলার সংস্কৃতি ও বুদ্ধিজীবী মহলে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।