প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখলের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার রাজ্য রাজনীতির পারদ চড়িয়ে প্রকাশিত হলো বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা। মোট ১১১ জন প্রার্থীর এই তালিকায় যেমন রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া, তেমনই রয়েছে জনমানসে পরিচিত একাধিক তারকা ও লড়াকু মুখ, যা তৃণমূলের অন্দরে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। যেখানে বসিরহাটের হিঙ্গলগঞ্জ আসন থেকে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির লড়াকু গৃহবধূ রেখা পাত্রকে, যিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের এক বড় প্রতীক।

গ্ল্যামার ও রাজনীতির মেলবন্ধনে সোনারপুর দক্ষিণ থেকে লড়বেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। টালিগঞ্জ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। মাথাভাঙা আসন থেকে লড়বেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এন্টালি থেকে প্রার্থী হয়েছেন লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং কামারহাটিতে অরূপ চৌধুরী। নোয়াপাড়া আসনে বিজেপির বড় ভরসা হয়ে দাঁড়িয়েছেন অর্জুন সিংহ। মানিকতলা থেকে প্রার্থী হয়েছেন তাপস রায়, ব্যারাকপুর থেকে কৌস্তভ বাগচী এবং রাজারহাট গোপালপুরে দলের তরুণ তুর্কি তরুণজ্যোতি তিওয়ারি।

রাজনৈতিক মহলের মতে, এই তালিকার মাধ্যমে বিজেপি স্পষ্ট বার্তা দিল যে, তারা কোনো নির্দিষ্ট গোষ্ঠীতে সীমাবদ্ধ না থেকে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে পরিবর্তনের লড়াইয়ে নামছে। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর পর দ্বিতীয় দফার এই ১১১ জনের তালিকা তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ ভাঙতে বড় ভূমিকা নিতে চলেছে। দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। এখন বিজেপি এই ভারসাম্যের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।