প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কথায় বলে, অহংকার পতনের মূল। কিন্তু পতনের পরেও যদি আত্মসমালোচনা না আসে, তবে কী হয়? তার জ্বলন্ত প্রমাণ বোধহয় আজকের কলকাতা হাইকোর্টের এজলাস। যে দল টানা পনেরো বছর রাজ্যের শাসনক্ষমতায় ছিল, মে মাসে মানুষ যাদের বিরোধী আসনে বসিয়েছেন গণতন্ত্রের পাহারাদার হিসেবে, আজ সেই দলেরই দুই গোষ্ঠীর দড়ি টানাটানিতে বিধানসভার বিরোধী দলনেতার পদটাই আগামী ১০ দিনের জন্য ‘বিলুপ্ত’ হয়ে গেল!

শুক্রবার (২৭ নভেম্বর) বিচারপতি কৃষ্ণ রাওয়ের রায় কেবল বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসুর ৩ জুনের নির্দেশকে খারিজ করেনি, কার্যত আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ গোষ্ঠী—উভয়কেই। বিধানসভার অধিবেশন বসলে রাজ্যের বেকারত্ব, দ্রব্যমূল্য বা নতুন সরকারের নীতি নিয়ে উত্তাল হওয়ার কথা ছিল কক্ষ। তার বদলে গত জুন মাস থেকে নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বাংলার সংবাদ শিরোনামে কী রইল? রইল—কে আসল তৃণমূল, কার দিকে কতজন বিধায়ক, আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায়—কে বসবেন বিরোধী দলনেতার চেয়ারে! যে বিক্ষুব্ধ বিধায়করা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান প্রমুখ) এক দলের প্রতীকে জিতে এসে রাতারাতি আলাদা গোষ্ঠী বানিয়ে বিরোধী দলনেতার পদ দখল করেছিলেন, আজ আদালতের রায়ে তাঁদের সেই ছয় মাসের ‘অন্তর্বর্তী’ রাজপাটও ধূলিসাৎ হলো। অন্যদিকে, যাঁরা দলত্যাগ বিরোধী আইনে এই বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়াচ্ছেন, সেই শোভনদেব-মমতা-অভিষেক শিবিরও কি নিজেদের ঘর সামলাতে চূড়ান্ত ব্যর্থ হননি?দুই শিবিরের এই কাদা ছোড়াছুড়িতে সবচেয়ে বেশি স্বস্তিতে কে? নিঃসন্দেহে নবান্নের বর্তমান শাসকদল বিজেপি। বিরোধী শিবির যখন নিজেদের মধ্যে ‘বিরোধী দলনেতা’ শব্দবন্ধ ব্যবহার করার অধিকারটুকুও আদালতের নির্দেশে হারিয়ে ফেলছে, তখন শাসকদলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার স্বপ্নটা কি স্রেফ দিবা স্বপ্ন হয়েই থেকে গেল?

আগামী ১০ দিন বিধানসভায় কোনও বিরোধী দলনেতা থাকবেন না। এই দশ দিন কি দুই শিবিরের নেতারা একটু নির্জনে বসে ভাববেন, বাংলার ভোটাররা তাঁদের ঠিক কী কাজের জন্য বিধানসভায় পাঠিয়েছিলেন? নাকি ১০ দিন পর অধ্যক্ষের নতুন সিদ্ধান্তের পর আবারও শুরু হবে আদালত-আদালত খেলা?