প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতীয় জনতা পার্টি এবার রীতিমত আত্মবিশ্বাসী যে, তারা ক্ষমতায় আসতে চলেছে। বিজেপি নেতারা প্রতিনিয়ত দাবি করছেন, এবার কোনো শক্তি নেই, তাদেরকে ক্ষমতায় আসা থেকে আটকায়। ইতিমধ্যেই বিজেপি ঘরে বসে না থেকে, ভোট ঘোষণার অপেক্ষা না করে প্রচার কর্মসূচিতে বেরিয়ে পড়েছে। দিকে চলছে তাদের পরিবর্তন যাত্রা। গতকাল হাওড়ার শ্যামপুরে সেই পরিবর্তন যাত্রা কর্মসূচি থেকেই চলতি মাসেই যে পশ্চিমবঙ্গে সুনামি হতে চলেছে, সেই নিয়ে হুংকার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমত পরিবর্তনের ঝড় তুলতে শুরু করেছে বিজেপি। জেলায় জেলায় তাদের পরিবর্তন যাত্রা কর্মসূচির মধ্যে দিয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছে। এমনিতেই তো এসআইআরের চাপে তৃণমূল অত্যন্ত আতঙ্কিত হয়ে রয়েছে। আর তার মধ্যে বিজেপি যেভাবে প্রচার কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছে, তাতে রাজ্যের শাসক দল আরও কোনঠাসা বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে আগামী ১৪ মার্চ ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার সেই কর্মসূচি নিয়েই বলতে গিয়ে রাজ্য থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলেই দাবি করলেন বিরোধী দলনেতা।
এদিন হাওড়ার শ্যামপুরে পরিবর্তন যাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “চারিদিকে ঝড় বইছে এবং এই ঝড় আগামী ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সুনামিতে পরিণত হবে। আর এই তৃণমূল কংগ্রেস বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।”