প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলের দুর্দিনের যারা সঙ্গী, তারা এখন দলের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করেছিল, তারা এখন কার্যত পেছনের সারিতে। বিভিন্ন সময় তৃণমূলের কর্মীদের পক্ষ থেকেই এই অভিযোগ শুনতে পাওয়া যায়। ইতিমধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। তৃণমূল আজ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বলেই খবর। আর তার মধ্যেই গতকাল তৃণমূল কংগ্রেস ত্যাগ করার কথা জানিয়ে দিলেন ভাঙ্গরের প্রাক্তন তৃণমূলের বিধায়ক আরাবুল ইসলাম।

প্রসঙ্গত, ভাঙ্গরের মাটিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত, এখানে শওকত মোল্লা পর্যবেক্ষক হওয়ার পর থেকেই স্থানীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব বাড়তে শুরু করেছে। এমনকি আরাবুল ইসলামকে বারবার দলের পক্ষ থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাকে জেল খাটানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে অবশেষে নিজের দীর্ঘদিনের দল তৃণমূল কংগ্রেস ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন সেই আরাবুল ইসলাম। অনেকেই বলছেন, শওকত মোল্লার দাদাগিরি তিনি হয়ত মানতে পারেননি। আর সেই কারণেই শেষ পর্যন্ত দলত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। তবে তৃণমূল কংগ্রেস ত্যাগ করার কথা জানালেও, এবার কি অন্য কোনো দলে থেকে নিজের রাজনৈতিক ইনিংস শুরু করবেন আরাবুল ইসলাম? ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

প্রসঙ্গত, গতকালই তৃণমূল কংগ্রেস ত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন আরাবুল ইসলাম। আর তখনই তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে, তিনি কি আইএসএফে যোগ দেওয়ার কথা ভাবছেন? তবে এই ব্যাপারে পরিষ্কারভাবে কিছু না বললেও, সম্ভাবনাকে উড়িয়ে দেননি এই সাসপেন্ডেড তৃণমূল নেতা। স্বাভাবিকভাবেই তৃণমূলের এক সময়কার দুর্দিনের সঙ্গী বলে পরিচিত আরাবুল ইসলাম ভোটের মুখে তৃণমূল ত্যাগ করে এবার কোন দলে যোগদান করেন এবং তার কতটা প্রভাব পড়ে ভাঙরের রাজনীতিতে, সেদিকেই নজর থাকবে সমগ্র রাজনৈতিক মহলের।