প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেন। বর্তমান পরিস্থিতিতে যখন যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তখন গ্যাসের একটা সংকট দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন মহলে আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে, গ্যাসের সঠিক মজুত নেই। যার ফলে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন মন্দিরের রান্নার প্রসাদ তৈরি করার ক্ষেত্রেও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ঘাড়েই দোষ চাপিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর এতদিন ধরে রাজ্য পরিচালনা নিয়েই এবার পাল্টা আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যাপারেই রাজনীতি করার চেষ্টা করছেন। যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যখন একটি নির্দিষ্ট সময় পর যাতে সকলেই গ্যাস পান, তার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, তখন মুখ্যমন্ত্রী পাল্টা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই অভিযোগ করছে বিজেপি। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী এই সময়ে সাধারণ মানুষকে আশ্বস্ত না করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে মানুষের মধ্যে আতঙ্ক ধরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যাতে কেন্দ্রের বিরুদ্ধে ২৬ এর নির্বাচনে ভোট বিতরণী পার হওয়া যায়। আর সেই কারণে গ্যাসের সঠিক মজুত না থাকার কারণে তিনি কেন্দ্রকে কটাক্ষ করছেন। তবে মুখ্যমন্ত্রী এতদিন রাজ্য পরিচালনা করে কোন সমস্যার সমাধানটা করেছেন, এবার তা নিয়েই পাল্টা প্রশ্ন তুলে দিলেন মেদিনীপুরের প্রাক্তন বিজেপি সাংসদ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “মমতা ব্যানার্জি এতদিন কোন পরিচালনায় রাজ্য চালিয়েছেন? প্রশাসন ভেঙে পড়েছে। শিক্ষাব্যবস্থার এত অব্যবস্থা। মানুষ হাসপাতালে ভয়ে যেতে পারতে না। এই যে অব্যবস্থা। আইনশৃঙ্খলা কোথায় রয়েছে? উনি কি করে আইনশৃঙ্খলার কথা বলেন? উনি ধর্না দিচ্ছেন, ওটাই দিন। বাকি কিছু ওনার ভাবার দরকার নেই। ওটা মোদীজি ভাববে।”