প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
রাজ্য রাজনীতিতে বামেরা কার্যত শূন্য। এক সময় যারা গোটা রাজ্যে সরকার পরিচালনা করেছে, এখন তাদের অবস্থা দেখলে অনেকেরই করুণা হয়। কেউ ভাবতেই পারে না যে, এত বড় একটা সংগঠিত রাজনৈতিক দল কালের নিয়মে এভাবে মিলিয়ে যাবে। তবে এবার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেরা গতকাল যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেখানে তরুণ অনেক মুখকে জায়গা দেওয়া হয়েছে। আদৌ বামেরা ভালো ফলাফল করতে পারবে কিনা, সেটা তো ভোটবাক্স খোলার পর বোঝা যাবে। তবে প্রার্থী তালিকায় তারা যে যথেষ্ট দাপট বজায় রাখতে চেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যার মধ্যে অন্যতম দাপুটে নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। তাকে এবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বামেরা। আর নাম ঘোষণা হওয়ার পরেই প্রচারে বেরিয়ে পড়লেন মীনাক্ষী দেবী।
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বামেদের পক্ষ থেকে প্রার্থী করা হয় এই মীনাক্ষী মুখোপাধ্যায়কে। তিনি যে সেখানে পরাজিত হবেন, সেই ব্যাপারে সকলেই নিশ্চিত ছিলেন। শেষ পর্যন্ত তাই হয়েছে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে একটা আলাদা সমীকরণে হতে চলেছে। মূল লড়াই তৃণমূল এবং বিজেপির মধ্যেই হবে, এই সম্পর্কে কারও মধ্যেই কোনো দ্বিমত নেই। কিন্তু তারপরেও বামেরা প্রার্থী তালিকায় যেভাবে নতুন মুখ এবং তরুণ তুর্কীদের জায়গা দিয়েছে, তার মধ্যে দিয়েই স্পষ্ট যে, তারা এবার অন্যভাবে এই লড়াইটা লড়তে চাইছে। দীপ্সিতা ধর থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মত তরুণ মুখ জায়গা পাওয়ায় কর্মীরা যথেষ্ট উজ্জীবিত।
বলা বাহুল্য, গতকালই বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় মীনাক্ষী মুখোপাধ্যায়ের। আর নাম ঘোষনার পরেই প্রচারে বেরিয়ে পড়েন মীনাক্ষীদেবী। যেখানে হিন্দমোটর থেকে কোন্নগর বেঙ্গল ফাইল মোড় পর্যন্ত জনসংযোগ করতে দেখা যায় তাকে। তবে প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিলেও, শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবেন বামেদের এই দাপুটে তরুণ প্রার্থী, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।