প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
সামনেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের নির্বাচন। আর বাংলায় যেভাবে ভোটের আগে ভাতা, ভর্তুকি দেওয়া হচ্ছে, তা নিয়ে বিরক্ত সাধারন মানুষ। সকলেই বেকারত্বের মূল সমস্যার সমাধান না করে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য যে দান, খয়রাতি চলছে, তার নিন্দা করছেন। আর এসবের মধ্যেই আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যে পর্যবেক্ষণ করলেন, তাতে কি প্রশ্নের মুখে পড়ে গেল এই ভাতা, দানের রাজনীতি? ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে গোটা দেশজুড়ে।

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে, ভোট এলেই বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় সরকার। এমনকি নির্বাচনে জিততে ভোটের আগে সাময়িক খুশি করতে বিভিন্ন ভাতা, সুবিধা ঘোষণা করা হয়। আর এই বিষয় নিয়েই আজ নিজেদের পর্যবেক্ষণ ব্যাক্ত করেছে সুপ্রিম কোর্ট। আদালতের স্পষ্ট বার্তা, ভোটের আগে এইরকম দান, খয়রাতি না করে রাজ্যের আর্থিক উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়া প্রয়োজন। আর এই বিষয়টি সামনে আসার পরেই বিশেষজ্ঞরা বলছেন, তাহলে কি সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর যে সমস্ত রাজ্য ভোটের আগে চমক দিতে চাইছে ভাতা, ভর্তুকি দিয়ে, তারা কি চাপে পড়ে গেল? আর সেই তালিকায় কি পড়ে গেল এই রাজ্যও? কেননা এই রাজ্যে বর্তমানে ব্যাপক ভাতা, ভর্তুকি দিয়ে ভোট নেওয়ার একটা প্রবনতা চলছে। তাই শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ গোটা দেশের জন্য হলেও এই রাজ্যেও চরম বেকায়দায় পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন একটি মামলার পরিপ্রেক্ষিতে বড় পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট। যেখানে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চের পক্ষ থেকে বড় মন্তব্য করা হয়। প্রত্যেকটি রাজ্যে নির্বাচনের আগে যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তা যে খুব একটা সুখকর নয়, তা বুঝিয়ে দেয় দেশের শীর্ষ আদালত। আদালতের পক্ষ থেকে বলা হয়, “দেশের আর্থিক উন্নতির পক্ষে অন্তরায় এমন নীতির মূল্যায়ন প্রয়োজন। দেশের বেশিরভাগ রাজ্য রাজস্ব ঘাটতিতে ভুগছে। তাও রাজস্ব ঘাটতিতে ভোগা এইসব রাজ্য দান, খয়রাতি দিয়েই চলেছে। দেশে কি ধরনের সংস্কৃতি আমরা চালাচ্ছি? এতে আমরা চিন্তিত। টাকা, পয়সা থাকলে হাসপাতাল, স্কুল, কলেজের উন্নতিতে জোর দিন। ভোটের আগে ফ্রিতে জিনিসপত্র না দিয়ে রাজ্যগুলি নিজেদের নীতির সমীক্ষা করুক। রোজগারের সুযোগ তৈরি করা রাজ্যের কর্তব্য। বিনামূল্যে খাবার, ফ্রিতে সাইকেল, বিদ্যুৎ দিলে উন্নয়নের জন্য টাকা পয়সা বাঁচবে কোথায়?” বিশেষজ্ঞরা বলছেন, যে সমস্ত রাজ্য এই দান, খয়রাতি করে নিজেদের অর্থনৈতিক পরিকাঠামোকে ভেঙে দিচ্ছেন, সেই সমস্ত রাজ্যকেই ঘুরিয়ে কথা শুনিয়ে দিলো সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গেও এই প্রবণতা শুরু হয়েছে। তাহলে কি সুপ্রিম কোর্টের এই মন্তব্য থেকে শিক্ষা নিয়ে এই রাজ্য সরকার কিছুটা হলেও নিজেদের শুধরে নেবে! সেই বিষয়টি নিয়েও জোরদার চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।