প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচন যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে এবং এই নির্বাচনে যারা পরাজিত হবে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার যে প্রশ্নের মুখে পড়ে যাবে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। বিজেপি থেকে শুরু করে তৃণমূল, দুই দলই একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও আক্রমণ এবং প্রতি আক্রমণের পাল্লা ক্রমশ বাড়ছে। যেখানে একটি নাগরিক কর্মসূচিতে উপস্থিত হয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহকে ক্রিমিনাল বলে আক্রমণ করেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আর তার পাল্টা সেই তৃণমূল বিধায়ককে খোঁচা দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। যাকে ঘিরে সরগরম স্থানীয় রাজনীতি।
২৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের যে কয়েকটি আসনের দিকে সকলের নজর থাকবে, তার মধ্যে অন্যতম ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকটি বিধানসভা। কেননা এই ব্যারাকপুরের এক সময়কার সাংসদ ছিলেন অর্জুন সিংহ। তিনি এখন বিজেপির হয়ে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছেন তাই এবারের নির্বাচনে ব্যারাকপুরে তৃণমূলকে শূন্য করার হুংকার দিচ্ছেন অর্জুনবাবু। আর এই পরিস্থিতিতে ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ৪ নম্বর ওয়ার্ডে বিগত নির্বাচনে পিছিয়ে থাকা নিয়ে আফসোস জানিয়েছেন। আর সেখানেই অর্জুন সিংহকে ক্রিমিনাল বলে কটাক্ষ করেছেন তিনি।
এদিকে রাজ চক্রবর্তী তাকে কটাক্ষ করতেই পাল্টা তৃণমূল বিধায়ককে আক্রমণ করেছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, “তৃণমূলের পুরো পার্টিটাই এখন ক্রিমিনালদের হাতে চলে গিয়েছে। রাজ চক্রবর্তী বন্ধ মিলে ভাড়া খাটাচ্ছে। আর নিজের সিনেমার শুটিং করছে। তৃণমূলের লোকেদের সাইড রোল দিয়ে টাকা কামাই করছে।”