প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ব্রিগেডের সেই ঐতিহাসিক জনসমুদ্রের রেশ এখনও কাটেনি। তিলোত্তমার মাটি থেকে দেওয়া সেই হুঙ্কারের রেশ থাকতেই ২৬ এর মহাযুদ্ধের দামামা বাজিয়ে আজ ফের বাংলায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার লক্ষ্য দক্ষিণবঙ্গ নয়, প্রধানমন্ত্রীর সরাসরি নিশানায় উত্তরবঙ্গ। আজ কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে আয়োজিত হতে চলেছে বিজেপির মেগা ইভেন্ট— ‘বিজয় সংকল্প সভা’। কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন একটাই, আজ কি কোচবিহারের মাটি থেকে বড় কোনো ‘বিস্ফোরণ’ ঘটাতে চলেছেন মোদী?
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আগেভাগেই উত্তেজনা তুঙ্গে নিয়ে গেছে রাজ্য বিজেপি। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে করা একটি বিশেষ পোস্ট ইতিমধ্যে ভাইরাল। সেখানে প্রধানমন্ত্রীর আগমনের কাউন্টডাউন শুরু করে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আজকের এই ‘বিজয় সংকল্প সভা’ শুধুমাত্র একটি নির্বাচনী জনসভা নয়। রাজ্য বিজেপির সেই পোস্টে দাবি করা হয়েছে, আজকের এই সভা থেকেই ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার সংকল্প জোরালো করা হবে। কর্মীদের মধ্যে তৈরি হওয়া এই উন্মাদনা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা— মোদীর ঝুলিতে আজ রাজ্যের জন্য বিশেষ কোনো বার্তা বা বড় চমক থাকতে পারে।
ভোট ঘোষণার পর এটাই বাংলায় মোদীর প্রথম হাই-ভোল্টেজ প্রচার। সূত্রের খবর, উত্তরবঙ্গের রাজবংশী আবেগ এবং দীর্ঘদিনের বঞ্চনার খতিয়ান নিয়ে আজ প্রধানমন্ত্রীর তূণ থেকে বেরোতে পারে বিশেষ কোনো রাজনৈতিক ‘অস্ত্র’। বিজেপি ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আজ মোদীর ভাষণে উঠে আসতে পারে রাজ্য সরকারের বিরুদ্ধে আনা ‘জনতার চার্জশিট’-এর বিভিন্ন বিস্ফোরক তথ্য। বিশেষ করে দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আজ কোন ভাষায় আক্রমণ শানান, সেদিকেই নজর গোটা দেশের।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কোচবিহার শহর কার্যত দুর্গে পরিণত হয়েছে। এসপিজি (SPG) এবং স্থানীয় প্রশাসনের কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে রাসমেলা ময়দান। কিন্তু সাধারণ মানুষের মনে জল্পনা তুঙ্গে— মোদী কি আজ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য আলাদা কোনো রূপরেখা ঘোষণা করবেন? নাকি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন নবান্নের দিকে?
দুপুর গড়াতেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার কোচবিহারে পা রাখবেন প্রধানমন্ত্রী। বিজেপি নেতৃত্বের দাবি, আজকের এই সভা থেকে যে ঝোড়ো হাওয়া উঠবে, তা গোটা রাজ্যের নির্বাচনী সমীকরণ ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। বিশেষ করে উত্তরবঙ্গের ৮ টি লোকসভা আসনের অন্তর্গত বিধানসভা আসনগুলোর ভাগ্য নির্ধারণে মোদীর আজকের এই ভাষণই হতে চলেছে ‘টার্নিং পয়েন্ট’। এখন শুধু সময়ের অপেক্ষা—দুপুরের পর মঞ্চে উঠে মোদী যখন মাইক ধরবেন, তখন তাঁর ঝুলি থেকে কী ‘ধামাকা’ বের হয়। নজর রাখুন আমাদের পোর্টালে।