প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে বীরভূমের রাজনীতির পারদ। এবার প্রকাশ্য সভা থেকে ভোটারদের ‘পিস পিস করে কেটে দেওয়া’ এবং ‘পা ভেঙে দেওয়ার’ সরাসরি হুমকি দিয়ে চরম বিতর্কে জড়ালেন লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ। সোশ্যাল মিডিয়ায় ওই নেতার হুমকির ভিডিও ভাইরাল হতেই (যার সত্যতা যাচাই করেনি আমাদের পোর্টাল) রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

সম্প্রতি বীরভূমের লাভপুর বিধানসভা এলাকার একটি মন্তব্য করেছেন ডালিম শেখ। অভিযোগ, সেখানে বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারিয়ে ভোটারদের উদ্দেশ্যে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন তিনি। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “যদি কোনো বুথে ৫০টা ভোট পড়ে, তবে পা ভেঙে পিস পিস করে কেটে দেব।”

বীরভূম জেলা বরাবরই রাজনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে পরিচিত। সামনেই এখানে ভোটগ্রহণ। তার আগেই এই ধরনের মন্তব্য ভোটারদের মনে আতঙ্কের সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকা দখল এবং ভোটারদের ওপর মানসিক চাপ তৈরি করতেই এই কৌশল নেওয়া হয়েছে।

এই ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। বিজেপি এবং বিরোধী দলগুলো ইতিমধ্যেই আদর্শ আচরণবিধি লঙ্ঘনের দায়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করার উদ্যোগ নিয়েছে। বিতর্কের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দ্রুত ডালিম শেখের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। আইনজ্ঞদের মতে, প্রকাশ্য জনসভায় এ ধরণের হুমকি সরাসরি ফৌজদারি অপরাধের শামিল। তবে ভিডিওটির সত্যতা ফরেনসিক পরীক্ষার ওপর নির্ভর করছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

বিরোধীদের দাবি, বীরভূমে এখনও ‘ভয়ের রাজনীতি’ কায়েম রাখার চেষ্টা চলছে। অন্যদিকে, সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং কড়া নজরদারির দাবি উঠেছে। ভোটের ময়দানে এই ‘কাটারি-সংস্কৃতি’র হুমকি শেষ পর্যন্ত ব্যালট বক্সে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।