প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গণতন্ত্রের উৎসবে রক্তের দাগ! বুধবার সকালে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার চাপড়া বিধানসভা কেন্দ্র। ৫৩ নম্বর বুথে যাওয়ার পথে এক বিজেপি পোলিং এজেন্টের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠি এবং আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে ওই এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বর্তমানে তিনি রক্তাক্ত অবস্থায় চাপড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, আজ সকাল থেকেই ৫৩ নম্বর বুথ এলাকায় উত্তেজনা ছিল। অভিযোগ, বিজেপি প্রার্থী সৈকত সরকারের ওই পোলিং এজেন্ট যখন বুথের দিকে যাচ্ছিলেন, তখন একদল যুবক তাঁর পথ আটকায়। বচসা শুরু হতেই আচমকা রড ও লাঠি দিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিতেই এই পরিকল্পিত হামলা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী। তিনি সরাসরি শাসকদলের দিকে আঙুল তুলেছেন।
বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, “চাপড়ায় বুথ দখল করতে তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে। আমাদের এজেন্টকে খুনের চেষ্টা করা হয়েছে।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ বিবাদের ফল, এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই।
ঘটনার খবর পেয়েই বুথ চত্বরে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় রুট মার্চ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই বুথের পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, আহত ওই ব্যক্তির মাথায় গভীর ক্ষত রয়েছে। এলাকায় থমথমে ভাব বজায় থাকলেও ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তবে এই হামলার পর থেকে সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।