প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২১ এ বিজেপি যে ছোটখাটো ভুলগুলো করেছিল, ২০২৬ এ এসে তা আর করতে চাইছে না তারা। তাই সব রকম ভাবেই বিজেপি নেতৃত্ব চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে দখলে রাখতে সব রকম কৌশল প্রয়োগ করার। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তিন প্রধান মুখ শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। যার মূল এজেন্ডা প্রার্থী তালিকা বলেই শোনা যাচ্ছে। আর এসবের মধ্যেই আরও বড় খবর সামনে এলো। যেখানে ভোট ঘোষণা আগেই কি বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে চলেছে? তা নিয়ে চলছে গুঞ্জন।

গতকাল থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের বৈঠক ঘিরে জল্পনা ছড়িয়ে পড়েছিল। ইতিমধ্যেই বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। আজই খবর পাওয়া গিয়েছে যে, আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ একেবারে সোমবার দিনই ঘোষণা হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে যখন প্রার্থী তালিকা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই আরও বড় আপডেট সামনে এলো। যেখানে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার পরেই বিজেপির পক্ষ থেকে বাংলার জন্য বেশ কিছু আসনে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যেতে পারে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। নীতিন নবীন থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বৈঠক করেন। আর সেখানেই প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তবে বিজেপি এই প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে বিন্দুমাত্র দেরি করতে নারাজ। ২৬ এর লড়াইয়ে তৃণমূলকে জোরদার টেক্কা দিতে ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভার পরেই আগামী রবিবার অথবা সোমবার বাংলার ১৫০ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চাইছে পদ্ম শিবির। স্বাভাবিক ভাবেই ভোট ঘোষণার আগেই কি বিজেপি তাহলে প্রার্থী ঘোষণা করে দেবে, তা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে জল্পনা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।