প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর অবশেষে গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার ভোট হচ্ছে দুই দফায়। প্রথম দফায় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি প্রথম থেকেই কম দফায় ভোট হোক, এই দাবি করেছে এসেছিল। এক্ষেত্রে এক দফায় ভোট হলে তারা সব থেকে ভালো হয় বলে জানিয়েছিল। তবে এক দফায় যদি সম্ভব না হয়, তাহলে দুই দফার বেশি যেন ভোট গ্রহণ রাখা না হয়, সেই বক্তব্য ছিল পদ্ম শিবিরের নেতাদের। অবশেষে দুই দফাতেই ভোটের দিনক্ষণ পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর ভোট ঘোষণার পর এখন সকলের নজর প্রার্থী তালিকার দিকে। কোন দলের পক্ষ থেকে কোন আসনে কাকে প্রার্থী করা হয়, তার দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
তৃণমূল কংগ্রেস এই রাজ্যের শাসক দল। তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিরোধী শিবির বিজেপি। তাই তৃণমূলের থেকেও এখন রাজ্যের মানুষ যেহেতু পরিবর্তন চাইছেন, তাই সকলের নজর রয়েছে বিজেপির প্রার্থী তালিকার দিকে। সকলেই বিজেপির প্রার্থী তালিকায় কোথায় কাকে দাড় করানো হয়, কতটা চমক থাকে, তার জন্য রীতিমত কৌতূহলী হয়ে রয়েছেন। যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ হবে। আর সেই দিনই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় জনতা পার্টি।
সূত্রের খবর, আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির নেতাদের। যেখানে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা। ইতিমধ্যেই বিজেপি বেশ কিছু আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আর বাকি আসনগুলিতে সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই আজকের এই বৈঠক বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আজ দিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকের পর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে ১৪৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলেই খবর।