প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ, ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৬ দিনের মাথায় প্রকাশিত এই ফলাফলে রাজ্যের সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯১.২৩ শতাংশ। বরাবরের মত এবারও মেধা তালিকায় বাংলার কৃতি ছাত্র-ছাত্রীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই আবহে মেধা তালিকার শীর্ষে থাকা দুই নক্ষত্রকে সরাসরি শুভেচ্ছা জানাতে এবং তাঁদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে এগিয়ে এলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পরই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র আদৃত পাল, যিনি ৫০০ নম্বরের মধ্যে ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন, এবং শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের মেধা তালিকায় পঞ্চম স্থানাধিকারী তথা ছাত্রীদের মধ্যে রাজ্যে প্রথম মেঘা মজুমদারকে (প্রাপ্ত নম্বর ৪৯২) বিশেষ ভিডিও কল করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভিডিও বার্তায় দুই কৃতী শিক্ষার্থীর কঠিন পরিশ্রম, একাগ্রতা এবং অবিচল অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তাঁরা যে আগামী দিনে সমগ্র রাজ্যের কোটি কোটি ছাত্র-ছাত্রীর কাছে এক পরম অনুপ্রেরণা, সেই কথাও মনে করিয়ে দেন তিনি। শুধু মুখের শুভেচ্ছাই নয়, তাঁদের ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য পাশে থেকে সমস্ত রকম প্রয়োজনীয় এবং আর্থিক-সহ সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি গভীর বিশ্বাস প্রকাশ করেছেন যে, আগামী দিনে নিজেদের মেধার জোরে এই সন্তানরা বাংলা তথা সমগ্র দেশের নাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করবেন।
এবারের উচ্চমাধ্যমিকের ফলাফলে অত্যন্ত ইতিবাচক এবং আকর্ষণীয় কিছু তথ্য উঠে এসেছে। এবারের মেধা তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে থাকা মোট ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে নরেন্দ্রপুর ও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জয়জয়কার লক্ষ্য করা গেছে। প্রথম স্থানাধিকারী আদৃত পাল ছাড়াও দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুণ্ডু এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঋতব্রত নাথ ও ঐতিহ্য পাছাল (প্রাপ্ত নম্বর ৪৯৫)। এ বছর মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছাত্রদের সংখ্যাকে বড় ব্যবধানে টেক্কা দিয়ে ছাত্রীরাই পাশের সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছেন (৩,২০,২৩০ জন ছাত্রী উত্তীর্ণ)। ছাত্রীদের পাশের হার এবার ৯২.৪৭ শতাংশ, যা ছাত্রদের (৮৯.৭১%) তুলনায় বেশি।
জেলাভিত্তিক সাফল্যের নিরিখে ৯৪.১৯ শতাংশ পাশের হার নিয়ে আবারও শীর্ষে স্থান ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর জেলা। এর পরেই ধারাবাহিক তালিকায় রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি।বাংলার শিক্ষাঙ্গনে এই ছাত্র-ছাত্রীদের মেধা এবং তাঁদের পাশে রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর এই অভিভাবকসুলভ সহায়তার আশ্বাস আগামী দিনে রাজ্যের শিক্ষাক্ষেত্রকে আরও উন্নত স্তরে নিয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।