প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এক নতুন ভোরের সূচনা হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। আজ, ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার), রাজ্যপালের শুভারম্ভ ভাষণের মধ্য দিয়ে শুরু হলো বিধানসভার ১৮ নম্বর অধিবেশনের প্রথম বাজেট অধিবেশন।
আগামী ২২ জুন ২০২৬ (সোমবার) ঠিক বেলা ১২ টায় বিধানসভার কক্ষে পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের বহু প্রতীক্ষিত পূর্ণাঙ্গ বাজেট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে গঠিত হওয়া নতুন সরকারের এটাই প্রথম ঐতিহাসিক পূর্ণাঙ্গ বাজেট, যা নিয়ে রাজ্যবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে।
বিগত কয়েক বছরে রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক পরিকাঠামোকে পুনরুজ্জীবিত করতে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক ইতিবাচক বার্তা দিয়ে স্পষ্ট জানিয়েছেন যে, সাধারণ মানুষের পকেটে টান না মেরে, অর্থাৎ জনগণের ওপর কোনো বাড়তি করের বোঝা না চাপিয়েই রাজ্যের নিজস্ব কর রাজস্ব বৃদ্ধি করার অভিনব রোডম্যাপ তৈরি করা হয়েছে। আজ প্রথম দিনে রাজ্যপালের প্রথাগত ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের কাজ শুরু হয়।