প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-হাসপাতালের আউটডোরে লম্বা লাইন, আর ওয়ার্ডের ভেতরে চিকিৎসক ও নার্সের অভাবে ধুঁকতে থাকা পরিষেবা—বিগত দেড় দশকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই কঙ্কালসার চেহারাটাই যেন আমজনতার নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটাতে কোমর বেঁধে মাঠে নামল বর্তমান রাজ্য প্রশাসন। সাধারণ মানুষের চিকিৎসার স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে এবার গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে শহরের সুপার স্পেশালিটি ও মেডিক্যাল কলেজ পর্যন্ত চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বড়সড় সিদ্ধান্ত নিল নবান্ন।
প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যে স্থায়ী চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়াটি মূলত পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি (PSC)-এর মাধ্যমে সম্পন্ন হয়। কিন্তু আইনি ও দাপ্তরিক নিয়মকানুন মেনে পিএসসি-র মাধ্যমে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া শেষ করতে কমপক্ষে দেড় বছর সময় লেগে যায়। বর্তমান সরকার মনে করছে, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার কারণে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা এক মুহূর্তের জন্যও থমকে থাকা উচিত নয়। আর সেই কারণেই স্থায়ী নিয়োগের অপেক্ষায় হাত গুটিয়ে বসে না থেকে, আপাতত চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তের হাসপাতালগুলিতে শূন্যপদ দ্রুত পূরণ করার পথে হাঁটছে স্বাস্থ্য দফতর।
ওয়াকিবহাল মহলের মতে, পূর্বতন সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থায় কেবল রঙের প্রলেপ আর সস্তা প্রচারের হাঁকডাকই শোনা যেত, কিন্তু বাস্তবে গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে মেডিক্যাল কলেজ—সর্বত্রই চিকিৎসক ও নার্সের তীব্র আকাল তৈরি হয়েছিল। বিগত দিনে নিয়োগের ক্ষেত্রে যে স্থবিরতা ও জটিলতা তৈরি হয়েছিল, তার মাশুল গুনতে হচ্ছিল রাজ্যের প্রান্তিক মানুষদের। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসনের এই সিদ্ধান্তকে অত্যন্ত সময়োপযোগী ও মানবিক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একদিকে যেমন পিএসসি-র মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় স্থায়ী নিয়োগের পথ খোলা রাখা হচ্ছে, তেমনই অন্যদিকে আপৎকালীন ভিত্তিতে চুক্তিভিত্তিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করে পরিষেবা সচল রাখার এই কৌশল প্রশাসনের চরম সদিচ্ছারই প্রমাণ দিচ্ছে।
স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন জেলার সাধারণ মানুষ। কারণ, চিকিৎসকের অভাবে এতদিন গ্রামীণ ও মহকুমা হাসপাতালগুলি কার্যত ‘রেফার হাসপাতালে’ পরিণত হয়েছিল। এবার দ্রুত চুক্তিভিত্তিক চিকিৎসক ও নার্স নিয়োগ হলে গ্রামবাংলার মানুষ নিজেদের এলাকাতেই উন্নত ও তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবা পাবেন। সব মিলিয়ে, কথার ফুলঝুরি নয়, বরং বাস্তব সমস্যার দ্রুত সমাধান করে রাজ্যের স্বাস্থ্য মানচিত্র বদলে দেওয়ার পথে আরও এক ধাপ এগোলো বর্তমান রাজ্য সরকার।