প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের প্রশাসন কতটা দলদাসের মত আচরণ করে এবং তারা রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে সম্প্রতি কি ভূমিকা পালন করেছে, তা সকলেই দেখতে পেয়েছেন। আর এই পরিস্থিতিতে রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের পদত্যাগ এবং নয়া রাজ্যপাল হিসেবে প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবির দায়িত্ব গ্রহণ তৃণমূলকে এমনিতেই চাপে ফেলে দিয়েছিল। নয়া রাজ্যপাল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির প্যারেড করা ক্যাডার এই মন্তব্য করেছিলেন। আর এসবের মধ্যেই এবার গতকাল নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর আজ জল্পনা বাড়িয়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল আর এন রবি। আর এই সাক্ষাৎ ঘিরেই বিভিন্ন মহলে তৈরি হয়েছে জল্পনা।
গতকাল পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা হওয়ার পরেই একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে যেমন সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনই আজ সকালে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার সহ এডিজি আইন শৃঙ্খলা পদেও বদল আনার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই রাজ্যের শাসক দল ভেবেছিল যে, তাদের প্রশাসনকে দিয়ে তারা এবারের ভোট বৈতরণী পার হবে। কিন্তু তাতেও কার্যত জল ঢেলে দিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করানোর ব্যাপারে বড় পদক্ষেপ গ্রহণ করলো। আর এসবের মধ্যেই রাজ্যের রাজ্যপালের দায়িত্ব নেওয়া আরএন রবি দিল্লিতে গিয়ে দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে। যার ফলে অনেকেই বলছেন, তাহলে কি এই রাজ্যের সরকারের কপালে এবং শাসক দলের কপালে বড় দুর্ভোগ অপেক্ষা করছে? এমনিতেই তো রাষ্ট্রপতি এই রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যে এসে প্রশ্ন তুলে দিয়েছিলেন। আর তার মধ্যেই নয়া রাজ্যপাল যেভাবে ভোট ঘোষণার পর সেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন, তাতে তৃণমূল যে সবথেকে বেশি চিন্তিত, সেই সম্পর্কে দ্বিমত নেই বিরোধীদের মধ্যে।
সূত্রের খবর, এদিন দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি। ইতিমধ্যেই সেই ছবি সামনে এসেছে। আর তারপরেই জল্পনা তীব্র হয়েছে যে, তাহলে কি বাংলা নিয়ে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা হতে পারে? আর সেই কারণেই কি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন বাংলার নয়া রাজ্যপাল? নাকি এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ? ভোট ঘোষণা হয়ে যাওয়ার পর দেশের সাংবিধানিক প্রধানের সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধানের এই সাক্ষাতের ছবি সামনে আসায় জল্পনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে।