প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় ওলটপালট ঘটাল নবান্ন। এক ধাক্কায় রাজ্যের ৩৩ জন উচ্চপদস্থ আইপিএস (IPS) আধিকারিককে বদলি করা হয়েছে। এই রদবদলের তালিকায় যেমন রয়েছেন হেভিওয়েট কর্তারা, তেমনই একাধিক জেলার পুলিশ সুপার (SP) পদেও বড় পরিবর্তন আনা হয়েছে। তবে সবথেকে বড় চমক দেখা গিয়েছে সিআইডি (CID) এবং বিধাননগর কমিশনারেটে।

নবান্নের জারি করা নতুন নির্দেশিকায় সবচেয়ে আলোচিত নাম আইপিএস সুপ্রতিম সরকার। অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বা ADG (CID) পদ থেকে সরিয়ে তাকে অপেক্ষাকৃত কম লাইমলাইটে থাকা টেলিকম বিভাগের ADG পদে পাঠানো হয়েছে। সিআইডি-র মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ থেকে তার এই আচমকা বদলি নিয়ে ইতিমধেই পুলিশ মহলে নানান গুঞ্জন শুরু হয়েছে।

বদলি করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার (CP) ত্রিপুরারী অথর্বকেও। সল্টলেক ও নিউটাউনের মতো গুরুত্বপূর্ণ জোনের আইন-শৃঙ্খলার রাশ এবার তুলে দেওয়া হয়েছে আইপিএস অমিত কুমার রাঠৌরের হাতে। তিনি বিধাননগর কমিশনারেটের নতুন সিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন।

জেলা স্তরেও রদবদলের বড় প্রভাব পড়েছে। পর্যটন ও স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ দার্জিলিংয়ের মত পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার (SP) হচ্ছেন জগন্নাথ রাও শ্রীকান্ত। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহারের মত সংবেদনশীল জেলার পুলিশি ব্যবস্থার শীর্ষ দায়িত্বে আনা হয়েছে আইপিএস মণীশ জোশীকে।

নবান্ন সূত্রের দাবি, এটি একটি রুটিন বদলি এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর কড়া নজর রেখে কোন রণকৌশলে ৩৩ জন আইপিএস-কে নতুন দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বাকি আইপিএস অফিসারদের তালিকা এবং কার কোথায় পোস্টিং হলো, তার খুঁটিনাটি আপডেট পেতে নজর রাখুন আমাদের পোর্টালে।