প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে বকেয়া পুরসভাগুলির নির্বাচন নিয়ে এবার চূড়ান্ত তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন (SEC)। কমিশন সূত্রে খবর, আগামী ৭ ডিসেম্বর ২০২৬ সালের মধ্যে রাজ্যের বকেয়া পুরভোটের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে চায় তারা। এই মেগা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬), সমস্ত সংশ্লিষ্ট জেলাশাসক (DM) এবং পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার।নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট পুর এলাকায় ভোট উৎসব হতে চলেছে। প্রথম দফায় যে পুরসভাগুলিতে ভোট নেওয়ার পরিকল্পনা চলছে, সেগুলি হলো: ১. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, (KMC) ২. হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (HMC), ৩. বালি পুরসভা, ৪. হলদিয়া পুরসভা, ৫. ঝাড়গ্রাম পুরসভা, ৬. ধূপগুড়ি পুরসভা, ৭. কার্শিয়াং পুরসভা, ৮. কালিম্পং পুরসভা(এছাড়াও শিলিগুড়ি পুরনিগম নিয়েও আলোচনা চলছে)।

বুধবার আয়োজিত এই জরুরি বৈঠকে মূলত ভোটের প্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখা হবে। এর মধ্যে রয়েছে, নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সংক্রান্ত খসড়া খতিয়ে দেখা। প্রতিটি জেলায় বুথ স্তরের পরিকাঠামো এবং আইনশৃঙ্খলার প্রাথমিক পরিস্থিতি পর্যালোচনা করা। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ইভিএম (EVM) সরবরাহের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা।যদিও ইভিএম সংক্রান্ত কিছু আইনি বিষয় আদালতের বিচারাধীন রয়েছে, তবুও কমিশন তাদের প্রশাসনিক প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না। পুজো মিটতেই রাজ্যে পুরভোটের এই দামামা রাজনৈতিক দলগুলির কাছে অত্যন্ত বড় চ্যালেঞ্জ হতে চলেছে।