প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ছ’মাসের মধ্যেই হতে চলেছে কার্যত মিনি বিধানসভা ভোট। আগামী অক্টোবর মাসে দুর্গাপুজো সম্পন্ন হওয়ার পরেই রাজ্যে পুরভোটের ঢাকে কাঠি পড়তে চলেছে। প্রশাসনিক ও নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে কলকাতা এবং হাওড়াসহ মোট ৭টি পুরসভায় ভোটগ্রহণ হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রশাসনিক স্তরে যে সম্ভাব্য সময়সীমা তৈরি হয়েছে, সেই অনুযায়ী নভেম্বর মাসের শেষ সপ্তাহে একযোগে ভোট নেওয়া হবে এই গুরুত্বপূর্ণ পুরসভাগুলিতে। কলকাতা পৌরসংস্থা (KMC) এবং হাওড়া পুরসভার ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে ২৭ থেকে ২৯ নভেম্বরের মধ্যে। একই সময়সীমায় শিল্পনগরী হলদিয়া এবং হাওড়ার বালি পুরসভাতেও নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সমান্তরালভাবে উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি পুরসভাতেও এই একই সময়সীমায় (২৭ থেকে ২৯ নভেম্বর) ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, নভেম্বর মাসের শেষে ভোটগ্রহণ প্রক্রিয়া মিটলে আগামী ২ ডিসেম্বর ২০২৬ তারিখে একযোগে এই ৭টি পুরসভার ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে।বিধানসভা ভোটের পর এই প্রথম কলকাতা, হাওড়া, হলদিয়ার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসংস্থা ও উত্তরবঙ্গের ৩টি পুরসভায় ভোট হতে চলায়, রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তাদের রণকৌশল সাজাতে শুরু করে দিয়েছে।