প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই অগ্নিগর্ভ হয়ে উঠল বহরমপুরের পীরতলা (কান্তনগর) এলাকা। কংগ্রেসের পোলিং এজেন্টের পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পাওয়া মাত্রই সমস্ত কাজ ফেলে সরাসরি ঘটনাস্থলে পৌঁছান বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
অভিযোগ উঠেছে, ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পীরতলা এলাকায় কংগ্রেসের বুথ এজেন্টকে ভয় দেখাতে তাঁর বাড়িতে চড়াও হয় একদল সশস্ত্র দুষ্কৃতী। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভে ফেটে পড়েন অধীর চৌধুরী। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওদের টার্গেট শেষ বেলায় কিছু বুথ লুট করা। সকাল থেকেই অত্যন্ত ধীরগতিতে ভোট করানো হচ্ছে যাতে সাধারণ মানুষ বুথমুখী না হয়। যেখানে অন্যান্য বুথে ভোটদানের হার অনেক বেশি, সেখানে এখানে এখনও ৬০ শতাংশ পার করছে না। ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও রহস্যজনকভাবে ভোট প্রক্রিয়া থমকে আছে।”
অধীর চৌধুরীর দাবি, পরিকল্পিতভাবে এজেন্টের গায়ে হাত দিয়ে তাঁকে বুথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে যাতে শেষ মুহূর্তে বুথ দখল করা যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা তিনি সফল হতে দেবেন না।
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, পরাজয় নিশ্চিত বুঝে কংগ্রেস গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে। বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি যথেষ্ট থমথমে।