প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার রাজনৈতিক আকাশে পরিবর্তনের হাওয়া এখন স্পষ্ট। বিধানসভা নির্বাচনে ‘পদ্মঝড়’ আছড়ে পড়ার পর রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এক বিশেষ বার্তাই কি দিলেন রাজ্যপাল আর এন রবি? আজ মঙ্গলবার সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে মা কালীর দর্শন ও পুজো দিলেন তিনি। তবে নজর কেড়েছে তাঁর পোশাক— আদ্যোপান্ত ধুতি-পাঞ্জাবি পরিহিত রাজ্যপালকে দেখে মনে হচ্ছিল তিনি যেন বাংলারই ঘরের মানুষ।
মঙ্গলবার ভোরে কড়া নিরাপত্তার বলয়ে কালীঘাট মন্দিরে পৌঁছান রাজ্যপাল আর এন রবি ও তাঁর স্ত্রী লক্ষ্মী রবি। নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের এই বিশেষ পরিস্থিতিতে তাঁর মন্দির পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। গর্ভগৃহে গিয়ে তিনি দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
অবাঙালি হয়েও বাংলার সংস্কৃতি ও পোশাকের প্রতি রাজ্যপালের এই শ্রদ্ধা দেখে আপ্লুত মন্দিরে উপস্থিত সাধারণ ভক্তরা। সাদা ধুতি ও পাঞ্জাবিতে তাঁর এই সাজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ চর্চিত হচ্ছে। অনেকে বলছেন, এটি কেবল একটি সাধারণ সফর নয়, বরং বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার একটি বিশেষ প্রয়াস।
রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে রাজ্যপালের এই পদক্ষেপকে সৌজন্যের রাজনীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর, পুজো শেষে তিনি মন্দির চত্বরে উপস্থিত সেবাইতদের সঙ্গেও কথা বলেন। মা কালীর আশীর্বাদ নিয়ে নতুন পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক কাজে গতি আনাই তাঁর লক্ষ্য বলে মনে করা হচ্ছে।