প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভাবনীয় সাফল্যের পর রাজ্যবাসীকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়কে রাজ্যের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে অবশেষে পদ্ম বিকশিত হয়েছে।” প্রধানমন্ত্রীর মতে, রাজ্যের এই জনমত আসলে সাধারণ মানুষের গণতান্ত্রিক ক্ষমতা এবং বিজেপির উন্নয়নের রাজনীতির সম্মিলিত প্রতিফলন।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে করা পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২৬-এর এই ভোট ইতিহাস মনে রাখবে। শেষ পর্যন্ত জয় হয়েছে জনতার। আমাদের সরকার সমাজের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ তাঁর কথায়, বিজেপি সরকার সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কাছে আশার আলো পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা চালাবে।
বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়ে সুশাসনের পথ প্রশস্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই বার্তায় স্পষ্ট যে, আগামী দিনগুলোতে শিল্পায়ন, কর্মসংস্থান এবং পরিকাঠামোর উন্নয়নে বিশেষ নজর দিতে চলেছে নতুন সরকার। রাজনৈতিক মহলের মতে, এই জয়ের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক চালচিত্রে বড়সড় বদল আসতে চলেছে।
প্রধানমন্ত্রী তাঁর বার্তার শেষে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত করেছেন যে, বিজেপি সরকার মানুষের আস্থার মর্যাদা রাখতে সর্বশক্তি দিয়ে কাজ করবে।