প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের প্রশাসনিক অলিন্দে আজ এক নতুন অধ্যায়ের সূচনা। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর আজই প্রথমবার নবান্ন সভাঘরে হাই-ভোল্টেজ বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী। আজকের দিনভর ঠাসা কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘সুশাসন’ এবং ‘নিরাপত্তা’। তবে সবথেকে বেশি নজর কেড়েছে রাজ্যের সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁর এই বিশেষ মেগা বৈঠক।
নবান্ন সূত্রে খবর, আজ বিকেলে নবান্ন সভাঘরে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির হালহকিকত খতিয়ে দেখতে ডিজিপি (DGP), এডিজি (ADG-L&O)-সহ প্রতিটি পুলিশ কমিশনারেটের কমিশনার (CP) এবং প্রতিটি জেলার পুলিশ সুপারদের (SP) তলব করেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন জিআরপি (GRP) কর্তারাও। প্রশাসনের শীর্ষ মহলের মতে, একযোগে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ পুলিশ পদাধিকারীদের নিয়ে এ ধরণের বৈঠক সাম্প্রতিক অতীতে নজিরবিহীন।
রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন, অপরাধ দমনে এবং পুলিশি ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে মুখ্যমন্ত্রী আজ কোনো বড় নির্দশনা দিতে পারেন। বিশেষ করে নারী সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে প্রশাসন যে একচুলও জমি ছাড়বে না, সেই বার্তাই দিতে পারেন তিনি।
সাধারণ মানুষের অভিযোগ যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং থানার দরজায় এসে কাউকে ফিরে যেতে না হয়, সেই বিষয়ে কড়া গাইডলাইন আসার সম্ভাবনা। জিআরপি কর্তাদের উপস্থিতিতে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হতে পারে।
কেবল পুলিশ প্রশাসনই নয়, আজ সকাল থেকেই নবান্নে জেলাশাসকদের (DM) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর। কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং প্রশাসনিক স্বচ্ছতা আনাই এর মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। দুপুর নাগাদ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গেও এক দফা বৈঠক সেরে নিতে পারেন তিনি।
শুভেন্দু অধিকারী বারবারই ‘সুশাসন’ বা গুড গভর্ন্যান্স-এর কথা বলে এসেছেন। আজকের এই বৈঠক থেকে সেই লক্ষ্যপূরণের প্রথম বড় পদক্ষেপটি নেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন নবান্নের এই ‘মেগা বৈঠক’-এর নির্যাস ঠিক কী হয় এবং ভবিষ্যতে পুলিশিং ব্যবস্থায় কী কী বদল আসে, তার দিকে।