প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অসমের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্ত। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু এই মেগা ইভেন্টের সব আলো কেড়ে নিলেন প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে গুয়াহাটি বিমানবন্দরে শুভেন্দু পা রাখতেই জল্পনা তুঙ্গে ওঠে— তবে কি পূর্ব ভারতের রাজনীতিতে কোনো বড় ধামাকা হতে চলেছে?
এদিন শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান, অনুপ্রবেশ রোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অসম ও ত্রিপুরা যে ‘জিরো টলারেন্স’ নীতি বা মডেল গ্রহণ করেছে, পশ্চিমবঙ্গও আগামী দিনে সেই পথেই হাঁটবে। শুভেন্দুর এই বার্তার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ওয়াকিবহাল মহলের মতে, দুই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সখ্যতা কেবল সৌজন্য নয়, বরং পূর্ব ভারতের নিরাপত্তা ও উন্নয়নে এক নয়া অধ্যায়ের সূচনা।
খানাপাড়া ভেটেরিনারি কলেজ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁদের উপস্থিতিতে শুভেন্দু এবং হিমন্তের এই রসায়ন বিজেপির সর্বভারতীয় রাজনীতিতে এক শক্তিশালী বার্তা দিল বলেই মনে করা হচ্ছে।
অসম এবং পশ্চিমবঙ্গ— দুই রাজ্যের মধ্যে সমন্বয় বাড়াতে এই সফর কতটা কার্যকরী হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।