প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মেসি-কাণ্ডে এবার আরও বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অস্বস্তি। চব্বিশ ঘণ্টার মধ্যে কার্যত জোড়া ধাক্কা খেলেন তিনি। গতকাল রবিবার নিউ আলিপুরের দুর্গাপুর কলোনির বাড়িতে পুলিশ হাজির হয়ে সমন ঝুলিয়ে দেওয়ার পর, আজ সোমবার সকালেই কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ ও এফআইআর বাতিলের আবেদন নিয়ে ছুটেছিলেন অরূপ। কিন্তু সেখানেও মিলল না স্বস্তি। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন। আর এই ঘটনাকে হাতিয়ার করেই এবার আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের স্পষ্ট দাবি, “আইনের হাত থেকে আর বাঁচতে পারবেন না প্রাক্তন মন্ত্রী।”

রবিবার বিধাননগর দক্ষিণ থানার পুলিশ দলবল নিয়ে হাজির হয়েছিল অরূপ বিশ্বাসের বাড়িতে। তিনি উপস্থিত না থাকায় পুলিশ তাঁর সদর দরজায় নোটিস সেঁটে দিয়ে আজ সকাল ১১টার মধ্যে হাজিরার কড়া নির্দেশ দেয়। পুলিশের এই সক্রিয়তা দেখেই আজ সকালে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে মামলা করার অনুমতি চান অরূপের আইনজীবী। তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর বাতিল এবং আজ বা কালকের মধ্যে আইনি সুরক্ষার (Protection) জন্য আবেদন করা হয়। কিন্তু আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, সাধারণ তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে, এখানে কোনো শর্টকাট সুবিধা দেওয়া হবে না।

আদালতের এই সিদ্ধান্তের পর রাজ্য বিজেপি নেতৃত্ব তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির দাবি, “বাঙালির ফুটবল আবেগ নিয়ে ছিনিমিনি খেলে যুবভারতী স্টেডিয়ামকে কেন্দ্র করে যে কোটি কোটি টাকার কেলেঙ্কারি ও তোলাবাজি হয়েছিল, তার পাপের ঘড়া এবার পূর্ণ হয়েছে। কদিন আগেই তোলাবাজির মামলায় শ্রীঘরে ঢুকেছেন অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। এবার প্রাক্তন মন্ত্রীর জেলযাত্রাও স্রেফ সময়ের অপেক্ষা!”

পুলিশের দেওয়া সকাল ১১টার হাজিরার ডেডলাইন ইতিমধ্যেই পার হয়ে গেছে। অন্যদিকে হাইকোর্টে সুরক্ষার পাঁচিল তোলার যে শেষ মরিয়া চেষ্টা প্রাক্তন মন্ত্রী করেছিলেন, তাও ধাক্কা খেল। রাজনৈতিক মহলের মতে, আইনি রক্ষাকবচ না থাকায় এবং পুলিশি হাজিরা এড়ালে যেকোনো মুহূর্তে বড় পদক্ষেপ করতে পারে প্রশাসন।