প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাস্তা বন্ধ করে ধর্মতলায় ২১শে জুলাইয়ের শহিদ সমাবেশ করার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে আদালত অবমাননার নোটিস পাঠাল কলকাতা হাইকোর্ট। আজ, ১৯ শে জুন ২০২৬, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট এক জনস্বার্থ মামলার রায়ে স্পষ্ট জানিয়েছিল যে, শহরের কোনও প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাজনৈতিক সভা করা যাবে না। তৃণমূল কংগ্রেস সহ ৩৮ টি দলকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গত ২০২৫ সালেও ধর্মতলার মূল রাস্তা আটকে মেগা সমাবেশ করার অভিযোগে পুনরায় হাইকোর্টে মামলা দায়ের হয়।
সেই মামলার শুনানিতেই আজ ক্ষোভ প্রকাশ করে আদালতের ডিভিশন বেঞ্চ। বছরের পর বছর আদালতের নির্দেশ অগ্রাহ্য করে কীভাবে শহরের মূল রাস্তা স্তব্ধ করে এই সভার আয়োজন করা হচ্ছে, তা জানতে চেয়ে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব তলব করে নোটিস পাঠানো হয়েছে।
রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর তৃণমূলের এই ২১শে জুলাইয়ের সমাবেশ নিয়ে আদালতের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।