প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে ৯ জনের মৃত্যুর ঘটনার পর আজ বিধানসভা কক্ষ সাক্ষী থাকল এক নজিরবিহীন রাজনৈতিক তরজার। বাজেট অধিবেশনের মাঝেই এই বিপর্যয় নিয়ে পূর্বতন তৃণমূল (TMC) সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে সরাসরি বিরোধী শিবিরকে নিশানা করে তিনি বলেন, “এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে আপনারা তিলোত্তমা তথা ‘সিটি অফ জয়’-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন।”

আজ বেলা ১১টায় বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বর্তমান উদ্ধারকাজের সাফল্যের খতিয়ান দেওয়ার পাশাপাশি অতীতের বাম ও তৃণমূল আমলের একাধিক বিপর্যয়কে কাঠগড়ায় তোলেন। বিশেষ করে পূর্বতন সরকারের আমলের গার্ডেনরিচ বহুতল ধসের ঘটনার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী বলেন, “গার্ডেনরিচে বিল্ডিং ধসে যখন ১৪ জন মানুষ মারা গিয়েছিলেন, তখন আপনারা কোনও বিপর্যয়ে NDRF বা সেনাকে ডাকেননি। ধ্বংসস্তূপ থেকে একজন মানুষকেও আপনারা জীবিত উদ্ধার করতে পারেননি।” এর বিপরীতে, তাঁর সরকার মাত্র ৩০ মিনিটের মধ্যে সিভিল ডিফেন্স, NDRF এবং ভারতীয় সেনাকে নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ২৯ জনকে উদ্ধার করতে পেরেছে বলে তিনি দাবি করেন।

বিরোধীদের কাটমানি ও দুর্নীতি সংস্কৃতির দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বিস্ফোরক অভিযোগ করেন। তিনি দাবি করেন, কলকাতা কর্পোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। “কলকাতা পুরসভায় ‘কালী’ (ঘুষ) না দিলে কোনও ফাইলের সই হত না, কোনও প্ল্যান পাস হতো না”—এই মন্তব্য করে তিনি প্রাক্তন পুর-প্রশাসনকে তীব্র আক্রমণ করেন। টাকা খেয়ে যত্রতত্র বেআইনি ও ত্রুটিপূর্ণ নির্মাণের ছাড়পত্র দেওয়ার কারণেই আজ কলকাতায় একের পর এক এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর এই চাঁছাছোলা বক্তব্যের জেরে আজ বিধানসভার অন্দরে শাসক ও বিরোধী বেঞ্চের মধ্যে তীব্র উত্তেজনা ও হইহট্টগোল তৈরি হয়।