প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় সিনেমা তৈরি এবং আউটডোর শুটিংয়ের ক্ষেত্রে সমস্ত জটিলতা ও লাল ফিতের ফাঁস কাটাতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি কলকাতায় বলিউড তারকা অনুপম খেরের সঙ্গে এক হাই-প্রোফাইল বৈঠকে এই বিষয়ে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুম্বাইয়ের প্রযোজক ও পরিচালকদের বাংলামুখী করতে এবং এ রাজ্যের সিনেমা শিল্পকে আরও গতিশীল করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে অনুপম খের বাংলায় শুটিংয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক অনুমতি পাওয়ার জটিলতা নিয়ে আলোচনা করেন। তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। কোনো রকম ঝুটঝামেলা বা দেরি ছাড়াই যাতে বলিউড ও টলিউডের টিম যেকোনো আউটডোর লোকেশনে শুটিং করতে পারে, তার জন্য বিশেষ প্রশাসনিক গাইডলাইন তৈরি করা হচ্ছে। প্রয়োজনে ‘সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স’ বা এক জানলা নীতি চালুর বিষয়েও ভাবনাচিন্তা চলছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যেমন—দিঘা, পুরুলিয়া, সুন্দরবন এবং উত্তরবঙ্গের ডুয়ার্স ও পাহাড়কে সিনেমার মাধ্যমে দেশ-বিদেশের পর্দায় তুলে ধরার বড় পরিকল্পনা রয়েছে এই সিদ্ধান্তের পেছনে। প্রশাসনিক সহযোগিতা সহজ হলে মুম্বাইয়ের বড় বড় প্রোডাকশন হাউজ বাংলায় শুটিং করতে আসবে। এর ফলে একদিকে যেমন চলচ্চিত্র শিল্পের বিকাশ ঘটবে, ঠিক তেমনই রাজ্যের পর্যটন ব্যবসাতেও বড় জোয়ার আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।