প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৩ সালের রামনবমীর অশান্তির মামলার তদন্তে এবার বড়সড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এদিন সকালে হুগলির রিষড়ায় প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে আচমকা হানা দেন কেন্দ্রীয় আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অপরূপার স্বামী তথা রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ সাকির আলিকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তারির সময় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সাথে হাতাহাতি এবং তীব্র বচসায় জড়িয়ে পড়েন প্রাক্তন সাংসদ।

তদন্তকারী সূত্রে খবর, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ চার ভ্যান কেন্দ্রীয় বাহিনী (CRPF) সাথে নিয়ে রিষড়ায় সাকির আলির বাড়িতে পৌঁছান NIA আধিকারিকরা। এলাকা কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। ২০২৩ সালের রামনবমীর হিংসার ঘটনায় সাকির আলির যোগসূত্র মেলার পরেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর যখন মহম্মদ সাকির আলিকে গাড়িতে তোলার প্রক্রিয়া শুরু হয়, তখনই রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। স্বামীকে আটকাতে মরিয়া হয়ে ওঠেন অপরূপা পোদ্দার। তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের পথ আটকে দাঁড়ান। বিভিন্ন সূত্রে পাওয়া খবর এবং ঘটনাস্থলের ভিডিও অনুযায়ী, তীব্র ক্ষোভের মাথায় তিনি কর্মরত পুলিশ ও তদন্তকারী আধিকারিকদের শারীরিক বাধা দেন এবং তাঁদের গায়ে হাত তোলেন বলেও অভিযোগ উঠেছে।

তদন্তকারীদের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে নিগ্রহের এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে, সাকির আলিকে গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আধিকারিকরা।