প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের অন্দরে চলা চরম ডামাডোলের আবহে এবার দলীয় প্রতীক ও তার আইনি অধিকার নিয়ে বিদ্রোহী বিধায়কদের চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি সাফ জানিয়ে দেন, যারা আজ দল ভাঙার খেলায় মেতেছেন, তাঁরা প্রত্যেকেই তাঁর সই করা প্রতীকের জোরেই আজ এই জায়গায় পৌঁছেছেন।বিদ্রোহী ‘নব তৃণমূল’ শিবিরের নেতাদের তীব্র কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা তৃণমূল কংগ্রেসের আমার সই করা সিম্বলে (প্রতীক) জিতে আজ বলছে যে ২০২৩ সালের পর নাকি এই দলের কোনো অস্তিত্বই নেই, তারা আসলে বেইমানি করছে।”
নির্বাচনের প্রসঙ্গ টেনে দলীয় সুপ্রিমো প্রশ্ন তোলেন, “আমাদের ২০২৭ সালে আবার নির্বাচন হওয়ার কথা। যদি দলের অস্তিত্বই না থাকে, তবে ২০২৬-এর নির্বাচনে আপনারা ভোটে দাঁড়ালেন কীভাবে?” লাইভে অত্যন্ত ক্ষুব্ধ গলায় মমতা মনে করিয়ে দেন, নির্বাচন কমিশন তাঁর সই এবং দলের প্রতীক দেখেই প্রার্থীদের ভোটে দাঁড়ানোর ছাড়পত্র দিয়েছিল। জন্মদাত্রী মায়ের মতো দলকে যারা আজ ধোঁকা দিয়ে বিজেপির ইশারায় চলছে, তাদের ক্ষমতা থাকলে সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
দলীয় প্রতীক হাতছাড়া হওয়ার যে জল্পনা বিদ্রোহী শিবির ছড়াচ্ছে, তা উড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, লড়াইয়ের ময়দান থেকে তিনি সরছেন না এবং প্রতীক তাঁর অনুগামীদের পাশেই থাকবে।