প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের অন্দরে চলা নজিরবিহীন সংঘাতের মাঝেই এবার নিজের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি সরাসরি অভিযোগ তোলেন, রাজনৈতিক লড়াইয়ে তাঁকে পরাস্ত করতে না পেরে এখন তাঁর প্রতিপক্ষরা আক্ষরিক অর্থেই তাঁর মৃত্যু প্রার্থনা করছে।

আজকের লাইভে দলের প্রতীক ও অস্তিত্ব নিয়ে কথা বলার সময় অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিপক্ষ এবং বিদ্রোহী শিবিরকে একযোগে নিশানা করে তিনি বলেন, “আমাকে দমিয়ে রাখা বা আমার কণ্ঠরোধ করা এত সহজ নয়। রাজনৈতিকভাবে যখন আমার সঙ্গে পেরে উঠছে না, তখন এখন কেউ কেউ আমার মৃত্যু কামনা করছে।” অত্যন্ত দৃঢ় গলায় তিনি আরও যোগ করেন, “আমার কণ্ঠ স্তব্ধ করতে হলে আপনাদের আমায় প্রাণে মেরে ফেলতে হবে। কিন্তু মনে রাখবেন, আমি বেঁচে থাকতে সাধারণ মানুষের অধিকার ও এই দলের ক্ষতি হতে দেব না।”

রাজনৈতিক মহলের মতে, দলের প্রতীক হাতছাড়া হওয়ার জল্পনা এবং নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করার মাঝেই মমতার এই ‘মৃত্যু কামনা’র মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কঠিন সময়ে দল ভাঙার খেলায় মেতে ওঠা নেতাদের ও তাঁদের নেপথ্যে থাকা শক্তিকে আড়ালে রেখে মমতা আজ স্পষ্ট করে দিলেন যে, তিনি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন।