প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রথযাত্রার পুণ্য লগ্নেই ঘাসফুল শিবিরে সবচেয়ে বড় রাজনৈতিক সুনামি! তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন টলিউড কুইন তথা রঞ্জিত-কন্যা কোয়েল মল্লিক। বৃহস্পতিবার দিল্লির বুকে সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি C P রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন তিনি। তবে বিস্ফোরণের এখানেই শেষ নয়, ইস্তফা দেওয়ার ঠিক পরপরই কেন্দ্রীয় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কোয়েল। যার জেরে ২১ জুলাইয়ের ঠিক মুখে চরম অস্বস্তিতে পড়ে গেল ঘাসফুল শিবির।

কয়েক মাস আগেই সকলকে চমকে দিয়ে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হিসেবে যাত্রা শুরু করেছিলেন কোয়েল। কিন্তু রাজনৈতিক মহলের দাবি, দলের অন্দরে তৈরি হওয়া তীব্র অসন্তোষ এবং অন্তর্দ্বন্দ্বের জেরেই মোহভঙ্গ হয়েছে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রীর। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর কোয়েল হলেন চতুর্থ তৃণমূল সাংসদ, যিনি রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইস্তফা দিয়েই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের দরবারে কোয়েলের হাজিরা দেওয়াটা মোটেও কাকতালীয় নয়। জোর জল্পনা, খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে গেরুয়া কাপড়ে নিজেকে মুড়ে নিতে পারেন রঞ্জিত-কন্যা। দিল্লিতে কোয়েলের এই হাই-ভোল্টেজ পদক্ষেপের পর তৃণমূলের অন্দরে যে বড়সড় ভাঙন ও কম্পন শুরু হয়েছে, তা স্পষ্ট।