প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একের পর এক প্রশ্নপত্র ফাঁস! বছরের পর বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নিয়েও নিয়োগের দেখা নেই! বেকারত্বের জ্বালায় জ্বলছে দেশের তরুণ প্রজন্ম! দেশের এই জ্বলন্ত পরিস্থিতিকে হাতিয়ার করে এবার সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে অল-আউট যুদ্ধে নামছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির অলিন্দ থেকে এবার আন্দোলনের আঁচ আছড়ে পড়তে চলেছে উত্তরপ্রদেশের মাটিতে। খোদ রাহুল গান্ধীর স্পষ্ট এবং চাঁছাছোলা বার্তা—”চাকরি না পেলে এবার টলবে দিল্লির সিংহাসন!” আগামী ৮ই আগস্ট ২০২৬ (শনিবার) প্রয়াগরাজের রাজপথে নামছে লাখ লাখ ছাত্র-যুব।কংগ্রেসের পক্ষ থেকে এই মেগা আন্দোলনের নাম দেওয়া হয়েছে “ছাত্রোঁ কী গুঞ্জ” (ছাত্রদের গর্জন)। কোটা এবং দেরাদুনের পর এবার এই আন্দোলনের এপিসেন্টার হতে চলেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (ইলাহাবাদ)।

প্রয়াগরাজ বা ইলাহাবাদ হলো উত্তর ভারতের লাখ লাখ ছাত্রছাত্রী ও সরকারি চাকরিপ্রার্থীদের মূল আঁতুড়ঘর। এখানেই আগামী ৮ই আগস্ট বিকেল ৫টায় প্রয়াগরাজের ঐতিহাসিক কেপি কলেজ মাঠে (KP Ground) পড়ুয়াদের মুখোমুখি হবেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশ কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, এই মেগা ছাত্র সংবাদের জন্য ইতিমধ্যেই দেড় লক্ষেরও বেশি তরুণ-তরুণী ও শিক্ষার্থী নাম নথিভুক্ত (রজিস্ট্রেশন) করেছেন। প্রথমে এই সভার জন্য প্যারেড গ্রাউন্ডের কথা ভাবা হলেও, জেলা প্রশাসনের আপত্তিতে শেষ পর্যন্ত কেপি গ্রাউন্ডকেই চূড়ান্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সমাজমাধ্যমে সোচ্চার হয়ে রাহুল গান্ধী সরাসরি নিশানা করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তাঁর স্পষ্ট প্রশ্ন—লাখ লাখ যুবক বছরের পর বছর ধরে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ফর্ম ফিলাপ করছেন, চড়া ফি জমা দিচ্ছেন, কিন্তু পরীক্ষার দিন এলেই মিলছে প্রশ্ন ফাঁসের উপহার! আর কতদিন এই অপেক্ষা? দেশের শিক্ষা ব্যবস্থা এবং পরীক্ষা নিয়ামক সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি সাফ জানিয়েছেন, দেশের যুবকদের এই নীরব কান্না এবার সিংহাসন কাঁপিয়ে দেবে।

রাজনৈতিক মহলের চোখ কিন্তু অনেক গভীরে। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যোগী আদিত্যনাথের গড়ে দাঁড়িয়ে তরুণ ও যুব ভোটারদের নিজেদের পালে টানতেই কংগ্রেস এই হাই-ভোল্টেজ স্ট্র্যাটেজি নিয়েছে। নিট (NEET) কেলেঙ্কারি এবং রেলে নিয়োগের দীর্ঘসূত্রতাকে মোক্ষম অস্ত্র করে বিজেপি-বিরোধী হাওয়াকে আরও চওড়া করতে চাইছেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের কোণে কোণে পৌঁছে গিয়েছে কংগ্রেসের টিম, ৮ই আগস্ট প্রয়াগরাজের মাটি কাঁপাতে জেলা থেকে জেলায় চলছে জোরদার প্রস্তুতি। এখন দেখার, ৮ই আগস্ট প্রয়াগরাজের কেপি মাঠ থেকে মোদী সরকারের উদ্দেশে রাহুল গান্ধী ঠিক কী মোক্ষম বার্তা দেন।