প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে (২২শে শ্রাবণ) দেশের আপামর বাঙালির মন ছুঁয়ে এক বড় পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শুক্রবার সকালে নিজের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে সম্পূর্ণ বাংলা ভাষায় পোস্ট করে কবিগুরুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিশেষ বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া মাত্রই তা রাজ্য ও জাতীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

নিজের পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘জনগণমন’-র গুরুত্বকে দেশবাসীর সামনে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি জন গণ মন জাতীয় ঐক্য, আত্মমর্যাদা, দেশপ্রেমের চিরন্তন প্রতীক।” ভারতের জাতীয় সঙ্গীত কীভাবে গোটা দেশকে এক সুতোয় বেঁধে রেখেছে, সেই আবেগকে উস্কে দিয়েছেন অমিত শাহ।

রবীন্দ্র সাহিত্যের গভীরতা ও দর্শন যে কেবল বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, তা মনে করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, চিন্তাধারা কোটি কোটি ভারতবাসীর কাছে অনুপ্রেরণার অক্ষয় উৎস।” তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সময়ে দাঁড়িয়েও কবিগুরুর আদর্শ ও চিন্তাধারা দেশবাসীর পথ চলার অন্যতম পাথেয়।