প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে এক অত্যন্ত অনুপ্রেরণামূলক ও শক্তিশালী জাতীয় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত ও বিশ্বমানের রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে, দেশবাসীর কর্মক্ষমতা ও চিন্তাভাবনার পরিধি বাড়াতে এক নতুন জাতীয় দর্শনের কথা উথাপন করেন তিনি।লালকেল্লার ঐতিহাসিক মঞ্চ থেকে দেশের ভবিষ্যৎ রূপরেখা এবং ১৪০ কোটি নাগরিকের করণীয় স্পষ্ট করে প্রধানমন্ত্রী মোদী সরাসরি বলেন, “কোনও রাষ্ট্র যখন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যায়… তখনই তার স্বপ্নপূরণ হয়। যখন স্বপ্ন বড় হয়, সংকল্প বড় হয়, আমাদের প্রচেষ্টাও আরও বেশি হয়”।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে সাফ জানিয়ে দেন যে, আজকের ভারত আর ছোট বা সীমিত লক্ষ্য নিয়ে চলতে পারে না। তিনি বলেন, “আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশ এখন আর ছোট স্বপ্ন নিয়ে চলতে পারে না। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে।” বড় স্বপ্নের কার্যকারিতা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, বড় স্বপ্ন মানুষের চিন্তাভাবনাকে প্রসারিত করে এবং আমাদের দৃষ্টিভঙ্গির দিগন্তকে আরও বিস্তৃত করে তোলে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যখন একটি দেশের জাতীয় সংকল্প দৃঢ় থাকে, তখন যেকোনো কঠিন পরিস্থিতি, দুর্যোগ বা বিপর্যয় ভেদ করে এগিয়ে যাওয়ার শক্তি ও পথ দেশ নিজেই স্বতঃস্ফূর্তভাবে খুঁজে বের করে।
প্রধানমন্ত্রী মোদী নিজের বক্তব্যে ২০১৪ সালের আগের ভারতের মন্থর গতির সাথে বর্তমান ভারতের তুলনা টেনে আনেন। তিনি বলেন, স্বাধীনতার পর দেশ অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও আমলাতান্ত্রিক জটিলতা ও ধীরগতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু বিগত ১২ বছরে ভারত সেই জড়তা কাটিয়ে বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতিতে পরিণত হয়েছে। তাই আজকের ভারতের বড় সংকল্প ও সামর্থ্যকে আটকে রাখা বিশ্বের কোনো শক্তির পক্ষেই আর সম্ভব নয়।