প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে পালাবদলের পর এবার দলবদল ও নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূল ত্যাগ করা এই তারকা সাংসদ এবার নিজের শিবির বদল নিয়ে জনসমক্ষে সম্পূর্ণ অকপট যুক্তি খাড়া করলেন।

গতকাল, শুক্রবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দলবদল নিয়ে প্রশ্নের জবাবে রচনা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন—”বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম। তৃণমূল হেরে যাওয়ার পরই আমি দল বদল করেছি।” কোনো রাখঢাক না রেখেই রচনা স্পষ্ট করে দেন যে, রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার কারণেই তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

নিজের এই সিদ্ধান্তের স্বপক্ষে উন্নয়নমুখী মানসিকতার যুক্তি দিয়ে হুগলির সাংসদ বলেন—”আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না। মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব।” এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি বর্তমান পরিস্থিতির সাথে চলছেন এবং বিজেপি বিধায়কদের সাথেও কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই তৃণমূল কংগ্রেস ছেড়ে NCPI-তে যোগ দেন রচনা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা দিবসের আবহে তাঁর এই ‘তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম’ মন্তব্যটি বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।